প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেটের মাঠে ইমরান খান ছিলেন একজন লড়াকু অধিনায়ক। ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। খেলার সেই সাফল্যকে পুঁজি করে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সামাজিক ন্যায়বিচার, কল্যাণমূলক অর্থনীতি ও আত্মমর্যাদাশীল পাকিস্তান গড়ার স্বপ্ন দেখান। দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক সংগ্রামের পর তিনি প্রধানমন্ত্রীর আসনে আসীন হন। তবে ক্ষমতার মধ্যে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে টানাপোড়েন, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক সংঘাত তার শাসনকে ঘিরে বিতর্ক সৃষ্টি করে। বর্তমানে কারাবন্দি এই নেতার রাজনৈতিক উত্তরাধিকার পাকিস্তানের ইতিহাসে একটি জটিল ও গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।
ক্রিকেটের মাঠে যে নেতৃত্বের উত্থান
ইমরান আহমেদ খান নিয়াজির জন্ম ১৯৫২ সালের ৫ অক্টোবর পাকিস্তানের লাহোরে। তিনি একটি অভিজাত ও শিক্ষিত পরিবারে বেড়ে ওঠেন এবং পাকিস্তান ও যুক্তরাজ্যে পড়াশোনা করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেব্ল কলেজে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ ছিল। ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান।
আশির দশকে পাকিস্তান দলের অন্যতম প্রধান খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই তার দক্ষতা ছিল। একজন অলরাউন্ডার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারের বেশি রান ও ৩০০ উইকেটের মাইলফলক অর্জন করেন। টেস্ট ক্রিকেটে ৮৮ ম্যাচে ৩ হাজার ৮০৭ রান ও ৩৬২ উইকেট এবং ওয়ানডেতে ১৭৫ ম্যাচে ৩ হাজার ৭০৯ রান ও ১৮২ উইকেট তার ক্যারিয়ারের পরিসংখ্যান।
তবে তার ক্রিকেটজীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ১৯৯২ সালের বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে পাকিস্তান দল শুরুতে ভালো করতে পারেনি। একপর্যায়ে দলটির বিদায়ের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু অধিনায়ক ইমরান খান সতীর্থদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। তার নেতৃত্বে পাকিস্তান শেষ পর্যন্ত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে।
ফাইনালে ইমরান নিজে ৭২ রান করেন। তার নেতৃত্ব ও দলের লড়াই করার মানসিকতা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করে। বিশ্বকাপ জয়ের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০০৯ সালে তাকে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসির মূল্যায়নে তিনি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন।
হাসপাতাল নির্মাণ: রাজনীতির আগে জনকল্যাণের পরীক্ষা
ক্রিকেট থেকে অবসরের পর ইমরান খান শুধুমাত্র ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েননি। ১৯৮৫ সালে তার মা শওকত খানম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের চিকিৎসার অভিজ্ঞতা থেকে পাকিস্তানের সাধারণ মানুষের ক্যানসার চিকিৎসার সীমাবদ্ধতা উপলব্ধি করেন তিনি। এরপর দেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
১৯৯৪ সালের ২৯ ডিসেম্বর লাহোরে চালু হয় শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল ও গবেষণাকেন্দ্র। হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য তিনি পাকিস্তানের সাধারণ মানুষ, প্রবাসী ও দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। হাসপাতালটির নিজস্ব ইতিহাস অনুযায়ী, তহবিল সংগ্রহে স্কুলশিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নাগরিকদেরও যুক্ত করা হয়েছিল। একপর্যায়ে ইমরান নিজের সম্পদের একটি বড় অংশও এ প্রকল্পে ব্যয় করেন।
এ উদ্যোগ তার রাজনৈতিক জীবনের আগেই একটি গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি করে—তিনি শুধু জনপ্রিয় ক্রিকেটার নন, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার সক্ষমতাও রাখেন। পরবর্তী সময়ে রাজনীতিতে তাঁর জনপ্রিয়তার পেছনে এ সামাজিক উদ্যোগের ভূমিকা ছিল।
১৯৯৬: রাজনীতিতে নতুন ইনিংস
১৯৯৬ সালের ২৫ এপ্রিল ইমরান খান প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের মূল স্লোগান ছিল ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত শাসন ও নতুন পাকিস্তান গঠন। শুরুতে তার দল নির্বাচনে বড় কোনো সাফল্য পায়নি। ২০০২ সালে প্রথমবার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। তবে দীর্ঘ সময় বিরোধী অবস্থানে থেকেই দলকে সংগঠিত করতে হয় তাকে।
ইমরানের রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রে ছিল পাকিস্তানের প্রচলিত রাজনৈতিক অভিজাতদের সমালোচনা। তার অভিযোগ ছিল, কয়েকটি প্রভাবশালী পরিবার ও গোষ্ঠী রাষ্ট্রের সম্পদ ও ক্ষমতা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। সাধারণ মানুষ ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি দুর্নীতিবিরোধী আন্দোলনকে রাজনৈতিক পরিচয়ের প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেন।
২০১১ সালের পর তার দল বড় জনসমর্থন পেতে শুরু করে। বিশেষ করে তরুণ, শহুরে মধ্যবিত্ত এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় হতাশ মানুষের একটি অংশ পিটিআইয়ের প্রতি আকৃষ্ট হয়। ২০১৩ সালের নির্বাচনে দলটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠন করে। এরপর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয় পিটিআই। জোট সরকারের প্রধানমন্ত্রী হন ইমরান খান।
তার রাজনৈতিক দর্শন: রিয়াসতে মদিনা ও কল্যাণরাষ্ট্র
ইমরান খানের রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা ‘রিয়াসতে মদিনা’। ইসলামের প্রাথমিক যুগে মদিনাভিত্তিক রাষ্ট্র পরিচালনার আদর্শকে তিনি আধুনিক কল্যাণরাষ্ট্রের নৈতিক ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। তার বক্তব্যে এ ধারণার সঙ্গে যুক্ত ছিল সামাজিক ন্যায়বিচার, দরিদ্রের অধিকার, রাষ্ট্রের জবাবদিহি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং নাগরিকের মর্যাদা।
তার দর্শনের কয়েকটি প্রধান দিক ছিল—
১. সামাজিক ন্যায়বিচার ও কল্যাণরাষ্ট্র: ইমরানের মতে, রাষ্ট্রের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বজায় রাখা বা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়; নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণ করাও রাষ্ট্রের দায়িত্ব। দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধারণার বাস্তব প্রতিফলন হিসেবে তার সরকার ‘এহসাস’ সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়।
২. দুর্নীতির বিরুদ্ধে অবস্থান: তার রাজনৈতিক বক্তব্যের অন্যতম ভিত্তি ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহি। তিনি মনে করতেন, দুর্নীতি রাষ্ট্রের সম্পদ ও উন্নয়নের সুযোগ নষ্ট করে। তবে তার সরকারের দুর্নীতিবিরোধী অভিযান কতটা নিরপেক্ষ ও কার্যকর ছিল, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, দুর্নীতিবিরোধী বক্তব্যের আড়ালে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচিতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩. আত্মমর্যাদা ও কৌশলগত স্বাধীনতা: ইমরান খান পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে কোনো একক পরাশক্তির ওপর নির্ভরশীল না থাকার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে ছিলেন তিনি। তাঁর ভাষায়, পাকিস্তানকে অন্য দেশের নির্দেশে নয়, নিজের সিদ্ধান্তে চলতে হবে।
৪. ইসলামোফোবিয়ার বিরোধিতা: আন্তর্জাতিক অঙ্গনে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বক্তব্য তার রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। পশ্চিমা দেশগুলোতে ইসলাম ও মুসলমানদের নিয়ে বিদ্বেষমূলক প্রচারণার সমালোচনা করেছেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসলামোফোবিয়া মোকাবিলায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
৫. মানবিক মর্যাদা ও রাষ্ট্রের দায়িত্ব: তার বক্তব্যে বারবার এসেছে, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অবহেলা করে কোনো রাষ্ট্র টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। এ কারণে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তুলে ধরেছেন।
২০২৬ সালে প্রকাশিত ‘ইমরান খানের আদর্শিক ভিত্তি: রিয়াসতে মদিনা, কৌশলগত স্বায়ত্তশাসন ও নয়া পাকিস্তানের ভাবনা’ শীর্ষক এক গবেষণায় তার রাজনৈতিক দর্শনকে চারটি প্রধান উপাদানে বিশ্লেষণ করা হয়েছে—রিয়াসতে মদিনা, কৌশলগত স্বাধীনতা, ইসলামী ঐক্য এবং মানবিকতা ও দুর্নীতিবিরোধী অবস্থান। গবেষণাটিতে বলা হয়েছে, এসব ধারণার মাধ্যমে তিনি ইসলামী নৈতিক মূল্যবোধকে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন।
প্রধানমন্ত্রিত্ব: প্রত্যাশা ও বাস্তবতার সংঘাত
২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দারিদ্র্য হ্রাস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার। ‘নয়া পাকিস্তান’ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা তার সরকারের সামনে শুরু থেকেই কঠিন অর্থনৈতিক বাস্তবতা ছিল।
পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, বড় অঙ্কের চলতি হিসাব ঘাটতি, ঋণের বোঝা এবং দুর্বল রাজস্ব কাঠামো সামাল দিতে তার সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা নেয়। ২০১৯ সালে আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয়। ফলে অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক ঋণনির্ভর বাস্তবতার মধ্যে বিরোধ দেখা দেয়।
তার সরকারের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে ছিল এহসাস সামাজিক সুরক্ষা কর্মসূচি, স্বাস্থ্যবিমা সম্প্রসারণ এবং দরিদ্র পরিবারের জন্য সহায়তা। করোনাভাইরাস মহামারির সময় নগদ সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষাব্যবস্থায় একক জাতীয় পাঠ্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়।
তবে এসব উদ্যোগের পাশাপাশি অর্থনৈতিক সংকটও তীব্র হয়। রুপির অবমূল্যায়ন, মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থানের প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় সরকারের জনপ্রিয়তা চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০২২ সালে সরকারের শেষদিকে জ্বালানি ও বিদ্যুতের দাম কমানোর পদক্ষেপ বাজেট ঘাটতি বাড়ানোর ঝুঁকি তৈরি করেছিল বলে আইএমএফের মূল্যায়নে উঠে আসে। অর্থাৎ তার সরকারের সামাজিক কল্যাণের প্রতিশ্রুতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়েছিল।
ক্ষমতাচ্যুতি ও সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে টানাপোড়েন
২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি। তার অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের সমর্থনে তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র হয়েছে। এ অভিযোগ যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। পাকিস্তানের তৎকালীন সরকার ও সামরিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।
ইমরানের ক্ষমতাচ্যুতির পেছনে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব, অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ এবং সামরিক নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতিকে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখা হয়। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রভাব রয়েছে। ইমরান ক্ষমতায় আসার সময় সামরিক প্রতিষ্ঠানের সমর্থন পেয়েছিলেন—এমন বিশ্লেষণও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে ক্ষমতায় থাকার শেষ দিকে সেই সম্পর্কের অবনতি ঘটে।
২০২৬ সালের এপ্রিলে জার্নাল অব ডেমোক্রেসি-তে প্রকাশিত গবেষক আকিল শাহর ‘পাকিস্তানের নতুন সামরিক তত্ত্বাবধান’ শীর্ষক বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের পাশাপাশি সামরিক প্রতিষ্ঠানের প্রভাব ও ভেটো ক্ষমতা দীর্ঘদিন ধরে কার্যকর। ইমরানের ক্ষমতাচ্যুতি পরবর্তী রাজনৈতিক সংকট আরো গভীর হয়েছে এবং সামরিক প্রতিষ্ঠানের প্রভাব প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে গবেষণাটিতে যুক্তি দেওয়া হয়েছে।
কারাবাস, মামলা ও রাজনৈতিক লড়াই
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে আল-কাদির ট্রাস্ট-সংশ্লিষ্ট দুর্নীতির মামলায় ২০২৫ সালে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশ, রাষ্ট্রীয় উপহার এবং অন্যান্য অভিযোগে করা কয়েকটি মামলায় তার সাজা স্থগিত বা বাতিল হয়েছে; কিছু মামলার বিচার ও আপিল এখনো চলমান। ইমরান ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে। পাকিস্তান সরকার ও কর্তৃপক্ষ অবশ্য বলে, বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।
২০২৬ সালের ১৬ নভেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কারাগারে স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ জানিয়ে ইমরান খান পাকিস্তানের শীর্ষ বিচারকদের কাছে চিঠি দিয়েছেন। তার আইনজীবীর প্রকাশ করা ওই চিঠিতে নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রয়োজনীয় চিকিৎসা না পেলে হয়তো জীবিত অবস্থায় কারাগার থেকে ফিরতে পারবেন না। এটি তার নিজের বক্তব্য; তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পরিবার, দল ও কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে মতপার্থক্য রয়েছে।
এর আগে ২০২৬ সালের আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। আদালত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেছিল। তবে এ নির্দেশ বাস্তবায়ন নিয়ে সরকার ও তার দলের মধ্যে বিরোধ তৈরি হয়।
রাজনৈতিক উত্তরাধিকার: জনপ্রিয়তা, বিতর্ক ও অসমাপ্ত স্বপ্ন
ইমরান খানের রাজনৈতিক উত্তরাধিকার মূল্যায়ন করতে গেলে তাকে একমাত্র সফল বা ব্যর্থ নেতা হিসেবে চিহ্নিত করা কঠিন। তার জনপ্রিয়তার একটি বড় ভিত্তি হলো প্রচলিত রাজনৈতিক পরিবারের বাইরে থেকে উঠে আসা নেতৃত্বের ভাবমূর্তি, দুর্নীতিবিরোধী বক্তব্য এবং রাষ্ট্রের আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান। তরুণদের একটি অংশের কাছে তিনি পাকিস্তানের পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছিলেন।
তার সমর্থকদের কাছে ইমরান খান এমন এক নেতা, যিনি পাকিস্তানকে স্বাধীন পররাষ্ট্রনীতি, সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার পথে নিতে চেয়েছেন। কারাবাসের মধ্যেও তার প্রতি সমর্থন ও রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত থাকা তার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রমাণ হিসেবে দেখা হয়।
অন্যদিকে সমালোচকদের মতে, তার রাজনৈতিক বক্তব্য ও বাস্তব শাসনের মধ্যে ব্যবধান ছিল। অর্থনৈতিক সংকট মোকাবিলায় তার সরকার কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আনতে পারেনি। বিরোধীদের সঙ্গে সমঝোতার অভাব, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংঘাত এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক কৌশল তার সরকারের স্থায়িত্ব দুর্বল করেছে। তার দুর্নীতিবিরোধী অভিযান নিয়েও নিরপেক্ষতা ও রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন উঠেছে।
তার রাজনৈতিক যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য হলো—যে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে তার ক্ষমতায় আসার পথ তৈরি হয়েছিল বলে বিশ্লেষকদের একাংশ মনে করেন, শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানের সঙ্গে সংঘাতই তার রাজনৈতিক সংকটের অন্যতম প্রধান উপাদান হয়ে ওঠে। পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামো, বেসামরিক কর্তৃত্ব ও সামরিক প্রভাবের প্রশ্নে তার অভিজ্ঞতা তাই ভবিষ্যতের রাজনৈতিক গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে।
ক্রিকেটের অধিনায়কত্ব থেকে রাষ্ট্রের নেতৃত্ব
ইমরান খান তার আত্মজীবনী Pakistan: A Personal History-তে ক্রিকেটের মাঠে চাপ সামলানো ও নেতৃত্বের অভিজ্ঞতা রাজনৈতিক জীবন এবং ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার কাজে সহায়ক হয়েছিল বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ১৯৯২ সালের বিশ্বকাপের কঠিন মুহূর্তগুলো তাকে সংকটে স্থির থাকার শিক্ষা দিয়েছিল।
ক্রিকেটে তিনি জানতেন, একটি দলকে জেতাতে শুধু তারকা খেলোয়াড় থাকলেই হয় না; প্রয়োজন লক্ষ্য, শৃঙ্খলা, নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টা। রাজনীতিতেও তিনি সেই নেতৃত্বের ধারণা প্রয়োগ করতে চেয়েছেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা ক্রিকেটের মতো নয়। এখানে প্রতিপক্ষকে হারানোই একমাত্র লক্ষ্য নয়; ভিন্নমত, প্রতিষ্ঠান, অর্থনীতি, সংবিধান ও জনগণের বহুমাত্রিক প্রত্যাশার মধ্যে ভারসাম্য তৈরি করতে হয়।
ইমরান খানের জীবনের সবচেয়ে বড় অর্জন হয়তো ১৯৯২ সালের বিশ্বকাপ জয় কিংবা পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন নয়—বরং ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নিজস্ব শক্তিশালী অবস্থান তৈরি করা। আবার তার সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষাও ছিল ক্ষমতায় থেকে নিজের ঘোষিত ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক মূল্যবোধ বাস্তবে প্রতিষ্ঠা করা।
আজ কারাগারে থেকেও পাকিস্তানের রাজনীতিতে তার নাম ও দল গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র। তার সমর্থন, বিরোধিতা, শাসনামলের সাফল্য-ব্যর্থতা এবং সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংঘাত—সব মিলিয়ে ইমরান খান এখন আর শুধু একজন সাবেক ক্রিকেটার বা সাবেক প্রধানমন্ত্রী নন; তিনি পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কের অন্যতম কেন্দ্রীয় চরিত্র।
তার রাজনৈতিক উত্তরাধিকার শেষ পর্যন্ত কীভাবে মূল্যায়িত হবে, তা নির্ভর করবে সময়ের সঙ্গে পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং তার ঘোষিত আদর্শ বাস্তবে কতটা প্রতিষ্ঠিত হয় তার ওপর। ক্রিকেটের মাঠে বিশ্বকাপ জেতা অধিনায়কের রাজনৈতিক ইনিংস এখনো শেষ হয়নি—তবে তার ফলাফল নিয়ে পাকিস্তান নিজেই এক গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন