প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার লালমাই এলাকায় ধানখেতের পাশে জান্নাতুত তাজমীন নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।
মৃত্যুর পূর্বে কক্সবাজার থেকে আসা ‘আইকনিক এক্সপ্রেস’ বাস থেকে নেমে পদুয়ার বাজারের বিশ্বরোডের হোটেল নুরজাহানে প্রবেশ এবং পরে সেখান থেকে বের হওয়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ফলে ওই কিশোরীর মৃত্যুর কারণ এবং তার শেষ গতিবিধি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা আইকনিক এক্সপ্রেস বাস থেকে নেমে জান্নাতুত তাজমীন হোটেল নুরজাহানে প্রবেশ করে। এরপর রাত সোয়া ১২টার দিকে হোটেল থেকে বের হয়ে পশ্চিম দিকে সিএনজি স্ট্যান্ডের দিকে যাওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তদন্তকারীরা এখন অনুসন্ধান করছেন, রাতে সে কোনো ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিল কিনা, কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করেছিল এবং কীভাবে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল—এসব বিষয় নিয়ে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুমিল্লার লালমাই থানার জগতপুর গ্রামের একটি ধানখেতের পাশে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের নিকটবর্তী একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী অটোরিকশাটির সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।
হোটেল নুরজাহানে আসা-যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার শেষ যাত্রাপথ, হোটেল থেকে বের হওয়ার পরের গতিবিধি এবং ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, "রাত হলেই কিছু সিএনজি অটোরিকশাচালক ও ছিনতাইকারী চক্রের যোগসাজশে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাত যত গভীর হয়, অপরাধীদের দৌরাত্ম্য তত বাড়ে।" তিনি আরও বলেন, যাত্রীবেশে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি মূল স্ট্যান্ডের বাইরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, কুমিল্লা ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুত তাজমীন হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন নামে এক সিএনজি অটোরিকশা চালককে শুক্রবার আটক করা হয়েছে। তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন