প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনের দুবলার চরে আগামী ২২-২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাসপূর্ণিমা ও পুণ্যস্নান’। পুণ্যস্নান উপলক্ষে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি নির্ধারিত পথ তৈরি করেছে। দর্শনার্থীদের বিভিন্ন নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট এবং দেশি নৌকায় যাতায়াত করতে হবে। এই পথগুলো বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য নির্ধারণ করা হয়েছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।
অনুমোদিত পাঁচটি পথের মধ্যে প্রথম পথ হলো বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। দ্বিতীয় পথ হলো কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা অতঃপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। তৃতীয় পথ নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ-বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং পঞ্চম পথ হলো বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানিয়েছেন, রাসপূর্ণিমায় পুণ্যস্নানে অংশগ্রহণের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে। প্রবেশের সময় এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকের সংখ্যা অনুযায়ী রাজস্ব আদায় করে পাস দেওয়া হবে। আবেদন করতে হলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। নৌযানগুলো নির্ধারিত রুটে শুধুমাত্র দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে।
তিনি আরও জানান, প্রতিটি জলযানের গায়ে রং অথবা স্টিকার দিয়ে বিএলসি সিরিয়াল নম্বর ও তীর্থযাত্রীর সংখ্যা উল্লেখ করা হবে। প্রবেশের সময় প্রত্যেককে একটি করে টিকিট বা টোকেন প্রদান করা হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালে সেটি সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে।
তিনি আরো বলেন, কোনো বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন নিষিদ্ধ। যদি কারো কাছে কোনো আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, হরিণ মারার ফাঁদ, দড়ি, কুড়াল, করাত ইত্যাদি অবৈধ কিছু পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস বা চামচ বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকায় এবং পুণ্যস্নান স্থলে মাইক বাজানো, পটকা, বাজি ইত্যাদি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদের মূল কপি সঙ্গে রাখতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন