প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ত্রী প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন এবং স্থানীয় সমস্যা ও দাবি-দাওয়া সমাধানের আশ্বাস দেন।
আজ পূজামণ্ডপ পরিদর্শনকালে, মন্ত্রী পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং এতে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আফরোজা খানম বলেন, ‘আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।’
তিনি আরো বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা ও এ দেশের নাগরিক। তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও উল্লেখ করেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আফরোজা খানম দেশের কল্যাণ ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে- নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।
এসময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন