প্রিন্ট এর তারিখঃ ২৭শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৯ই জুন, ২০২৬ইং; ০৮:৫২ পি.এম
বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ দোকানদার, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের মধুরভিটা সংলগ্ন খালে গোসল করতে নেমে খলিল (৫৫) নামে এক স্থানীয় দোকানদারের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর স্বরূপকাঠির ডুবুরি দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টার দিকে খলিল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে খালে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে নেমে ডুব দেওয়ার পর আর উপরে উঠে আসেননি। এ সময় তার স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি ও উদ্ধারের চেষ্টা চালিয়েও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে স্বরূপকাঠির ডুবুরি দল এবং বানারীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খলিলকে খাল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মাসুম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন, খলিল তার স্ত্রীর সঙ্গে গোসল করতে নেমেছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর তিনি স্ট্রোক করলে ডুবে যেতে পারেন। খলিল মধুরভিটা স্কুলসংলগ্ন এলাকায় একটি দোকান পরিচালনা করতেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"