প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও পরিবেশবিষয়ক আলোচনার জটিল পরিভাষাগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে নতুন একটি বই, যার শিরোনাম ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’। বইটির মোড়ক উন্মোচন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় কপ-৩১ সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে করা হয়।
বইটি রচনা করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার। বইটির মুখবন্ধ লিখেছেন দেশের বিশিষ্ট জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। যৌথভাবে প্রকাশের দায়িত্ব পালন করেছে সিথ্রিইআর (C3ER), লিডার্স (LEDARS), ওসিএল (OCL) এবং এসআরসিএল (SRCL)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, সেফ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমত উল্লাহ এবং সিপিআরডির প্রধান নির্বাহী শামসুদো। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
প্রকাশনা সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু কূটনীতি ও নীতিনির্ধারণী আলোচনায় নতুন নতুন কারিগরি শব্দ যুক্ত হচ্ছে, যেমন অভিযোজন, প্রশমন, ক্ষতিপূরণ তহবিল, কার্বন বাজার, এনডিসি (NDC), টিপিং পয়েন্ট এবং জলবায়ু শরণার্থী। এই শব্দগুলোর প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট বাংলায় স্পষ্টভাবে তুলে ধরার উদ্দেশ্যে এই শব্দকোষটি সংকলন করা হয়েছে।
বইটিতে মোট ১ হাজার ২৯৪টি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ুবিষয়ক পরিভাষার সহজ বাংলা ব্যাখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু চুক্তির সংক্ষিপ্ত রূপ, আলোচনার কারিগরি শব্দের অর্থ এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা উল্লেখযোগ্য সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণও বইটিতে যুক্ত করা হয়েছে। এ ছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য-উপাত্তও বইটিতে সন্নিবেশিত হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কপ-৩১ (COP31) সম্মেলনকে সামনে রেখে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের জন্য এই শব্দকোষটি একটি অপরিহার্য সহায়িকা হিসেবে কাজ করবে। তারা বিশ্বাস করেন যে, এটি দেশের জলবায়ু কার্যক্রম ও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন