প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিথ মরিস এলিসন, যিনি খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ২০০৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে দেশের ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৭ সালের ৪ জানুয়ারি শপথ গ্রহণের সময় তার ব্যবহৃত একটি কোরআন নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এলিসনের জন্ম ১৯৬৩ সালের ৪ আগস্ট মিশিগানের ডেট্রয়েটে। ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় তিনি কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হন এবং ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাদের সঙ্গে ধর্ম ও বিশ্বাস নিয়ে আলোচনা করার পর তিনি জুমার নামাজে অংশগ্রহণ করেন। ইসলামের সাম্য ও সামাজিক ন্যায়বিচারের শিক্ষা পরে তাকে আকৃষ্ট করে।
আইন বিষয়ে পড়াশোনা শেষ করে এলিসন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। নাগরিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করার পাশাপাশি তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের নভেম্বরে মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল জেলা থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন তিনি।
শপথের আনুষ্ঠানিকতার জন্য এলিসন বেছে নেন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা দুই খণ্ডের একটি ইংরেজি অনুবাদের কোরআন। বইটির নাম ‘দ্য কোরআন, কমনলি কলড দ্য আলকোরান অব মোহাম্মদ’, যা ১৭৬৪ সালে লন্ডনে প্রকাশিত হয়। আরবি থেকে এর ইংরেজি অনুবাদ করেছিলেন জর্জ সেল।
জেফারসন ১৭৬৫ সালের দিকে বইটি সংগ্রহ করেছিলেন এবং পরে ১৮১৫ সালে নিজের ব্যক্তিগত সংগ্রহের ৬ হাজার ৪৮৭টি বইয়ের সঙ্গে কোরআনের এই দুই খণ্ডও কংগ্রেসের কাছে বিক্রি করেন। বর্তমানে বই দুটি যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত রয়েছে। বিভিন্ন অগ্নিকাণ্ডের পরেও কোরআনের এই সংস্করণ অক্ষত ছিল।
তবে একটি বিষয় উল্লেখযোগ্য, ২০০৭ সালের ৪ জানুয়ারি কংগ্রেসের ফ্লোরে সম্মিলিত শপথের সময় এলিসনের হাতে জেফারসনের কোরআন ছিল না। একই দিন ক্যাপিটল ভবনের স্যামুয়েল রেবার্ন কক্ষে স্পিকার ন্যান্সি পেলোসির উপস্থিতিতে পৃথক আনুষ্ঠানিকতায় তিনি কোরআনটির ওপর হাত রেখে শপথ নেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
সূত্র: রেডিও ফ্রি ইউরোপ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন