প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুর এলাকায় অনলাইন জুয়া ও হ্যাকিংয়ের অভিযোগে পুলিশ দুই তরুণকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে, শনিবার রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার মোহরকয়া পূর্বপাড়ার একটি নির্মাণাধীন পরিত্যক্ত হাঁসের খামার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মোহরকয়া পূর্বপাড়ার মৃত ইয়ার আলীর ছেলে মো. সবুজ হোসেন (২০) এবং অন্যজন হলেন একই এলাকার মৃত সাজেদুল ইসলামের ছেলে মো. আলিফ হোসেন (১৮)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার পুলিশের একটি দক্ষ দল গোপন তথ্যের ভিত্তিতে মোহরকয়া পূর্বপাড়ার বাসিন্দা সেন্টু প্রামাণিকের (৪৫) নির্মাণাধীন পরিত্যক্ত হাঁসের খামারে অভিযান পরিচালনা করে। এ সময় খামারের ভেতর থেকে সবুজ ও আলিফকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের অভিযোগ, আটককৃত দুইজন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার মতো সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এসব অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন