প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ঘরের হিদ (সিঁদ) খাইট্যা আমার ভাতার টেহাডা নিছেগা—অহন কিবায় কিতা করবাম?’ বুধবার (৪ নভেম্বর) সকালে নান্দাইল পৌরসভার থানার সামনে দাঁড়িয়ে, চোখের জল মুছতে মুছতে, ৬৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ খেলন মিয়া এভাবে নিজের আকুতি প্রকাশ করেন।
গত রবিবার রাতে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও মহল্লায়, তাঁর ঘরের মাটির মেঝে খুঁড়ে সিঁদ কেটে গচ্ছিত সম্বল ও ভাতার টাকা চুরি হয়ে গেছে। ভুক্তভোগী এই বৃদ্ধ প্রতিদিন তাঁর ১১ বছরের শিশুসন্তান আবদুল্লাহকে সঙ্গে নিয়ে নান্দাইলের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
খেলন মিয়া জানান, ঘরে একটি কৌটার ভেতর জমিয়ে রাখা ভাতার টাকা ও ভিক্ষা করে জমানো মোট ছয় হাজার ৩০০ টাকা এখন সেখানে নেই। চুরি হওয়া ওই টাকা দিয়ে এই মাসের বিদ্যুত্ বিল দেওয়া এবং নিজের জরুরি ওষুধ কেনার পরিকল্পনা ছিল খেলন মিয়ার।
পারিবারিক সূত্রে জানা যায়, খেলন মিয়ার স্ত্রীও একজন ভিক্ষুক। পুরো পরিবারটি প্রতিদিনের ভিক্ষার আয়ের ওপর নির্ভরশীল। চুরির এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এই বৃদ্ধ। অসহায় পরিবারটির এই চরম বিপদের সময়ে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন