প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রযুক্তির অপব্যবহার করে অপরাধের পদ্ধতি পরিবর্তন করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। এআই ব্যবহার করে নিখুঁত কণ্ঠ নকল বা ‘ভয়েস ক্লোন’ করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। সম্প্রতি ঢাকার এক ব্যবসায়ীর পরিবার এমন একটি চাঞ্চল্যকর ঘটনার শিকার হয়েছে, যেখানে ডিবির পরিচয়ে কণ্ঠ নকল করে ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, নরসিংদীর ঘোড়াশালে ঘটে যাওয়া এই ঘটনায় প্রতারকরা সুকৌশলে ঢাকার ব্যবসায়ী তুষার মল্লিকের মায়ের মোবাইল ফোনে কল করে। তারা ডিবি পরিচয়ে জানায়, তার ছেলেকে একটি মামলায় আটক করা হয়েছে এবং টাকা না দিলে আদালতে চালান করে দেওয়া হবে। এই সময় ফোনে তুষারের হুবহু কণ্ঠস্বর নকল করে কান্নাকাটি ও বাঁচানোর আকুতি শোনানো হয় তার মাকে। ছেলের এমন আর্তনাদ শুনে মা ভীত হয়ে পড়েন এবং বুঝতে পারেননি এটি একটি জালিয়াতি।
সম্পূর্ণ অপারেশনটি সম্পন্ন করতে প্রতারক চক্রটি মাত্র ২০ থেকে ২৫ মিনিট সময় নেয়। এই সময়ের মধ্যে মাকে ফোনে ব্যস্ত রাখা হয়, যাতে তিনি অন্য কারো সাথে কথা বলতে বা বিষয়টি যাচাই করতে না পারেন। এরপর তিন দফায় ৭৫ হাজার টাকা পাঠানোর পর মা তার ছেলেকে ফোন করেন, জানতে চান সে ছাড়া পেয়েছে কি না। কিন্তু সেই সময় তুষার ঢাকায় তার নিজের ঘরে ঘুমাচ্ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে তুষার মল্লিক লিখেছেন, "আমার ফেসবুক লিস্টে অনেক পুলিশ অফিসার আছেন। তারা এই বিষয়ে কোনভাবে সাহায্যে করতে পারেন কিনা দেখবেন প্লিজ।"
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে সাইবার জালিয়াতির এই অভিনব কৌশল বেছে নিয়েছে প্রতারকরা। বিশেষজ্ঞদের পরামর্শ, এরকম অডিও কলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন