প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিকট বিস্ফোরণের ফলে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনার সময় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার দুপুর সোয়া একটার দিকে বগুড়ার শহরতলীর তিনমাথা এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের ফলে ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে যায়। নিরাপত্তাদেয়াল, ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সোয়া একটার দিকে গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন সেখানে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নিচ্ছিল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে চালকসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশা চালকসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গ্যাস রিফিলের স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাঁরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন