প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শুভ (২৫) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন কর্মীকে আটক করেছে। তবে আলামত যাচাইয়ের পর পুলিশ জানিয়েছে, এটি ককটেল নয়, বরং পটকা বা আঁতশবাজির বিস্ফোরণ ছিল।
বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক করা ব্যক্তি ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত ১৪-১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সড়কের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভ নামের একজনকে আটক করে।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানিয়েছেন, মাইক্রোবাস ও মোটরসাইকেলে কিছু যুবক এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ সময় পুলিশ শুভকে আটক করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আলামত যাচাই করে বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হয়নি, বরং পটকা বা আঁতশবাজি প্রকৃতির কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন