প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ার কারণে ফারদিন (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে, একই এলাকার তানভীর নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আহতের পিতা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২২ জুন) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। অভিযুক্ত তানভীর হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আবু হোসেনের ছেলে।
এর আগে রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের মাস্টার বাড়ির এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। গুরুতর আহত ফারদিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত তানভীর ওই এলাকায় মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে অনেকদিন থেকে জড়িত। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় অভিযুক্ত তানভীর ফারদিনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন বিকেলে ফারদিন খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এ সময় ফারদিন চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে, তখন হামলাকারী পালিয়ে যায়। পরে ফারদিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন