প্রিন্ট এর তারিখঃ ৬ই নভেম্বর, ২০২৬ইং; ১২:৩৭ এম || প্রকাশের তারিখঃ ৩১শে অক্টোবর, ২০২৬ইং; ০৭:৫৩ পি.এম
বড়াইগ্রামে জাল দলিলে জমি দখলের অভিযোগ প্রতিবাদে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে জাল দলিলের মাধ্যমে এক প্রবাসীর স্ত্রী আরোজা খাতুনের (৫৫) ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলে বাধা দিলে তাঁকে ও তাঁর সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আরোজা খাতুন। সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলে আব্দুল আলিম। আরোজা খাতুন উপজেলার গোপালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী বাদশা প্রধানের স্ত্রী।
লিখিত বক্তব্যে জানা যায়, ১৯৭৮ সালের ২১ জুন আরোজা খাতুন তাঁর শ্বশুর নুর হোসেনের কাছ থেকে কচুয়া মৌজার ৭৪৩ নম্বর হাল দাগে ৪১ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি নিয়মিত খাজনা পরিশোধ, নামজারি ও খারিজ সম্পন্ন করে জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে নুর হোসেনের দ্বিতীয় স্ত্রী আছিয়া খাতুন ও তাঁর ছেলেরা ওই জমির মালিকানা দাবি করে নাটোর সাবরেজিস্ট্রি অফিসের ৩১৭৩ নম্বর দলিল (তারিখ: ২৬ জুন ১৯৭৮) দেখান। এ নিয়ে আদালতে মামলা হলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে, ওই নম্বরের দলিলটি নাটোরের পির্জিপাড়া গ্রামের লালচাঁন প্রামাণিক ও ফরমান আলী প্রামাণিকের মধ্যে সম্পাদিত হয়েছিল। আছিয়া খাতুনের নামে ওই দলিলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।পরবর্তীতে প্রতিপক্ষরা একই তারিখ ও একই দলিল নম্বরে পাবনার ঈশ্বরদী সাবরেজিস্ট্রি অফিসে জমিটি রেজিস্ট্রি হয়েছে বলে দাবি করেন। তবে ওই দলিলেও সাবেক ও হাল দাগ নম্বর এবং জমির পরিমাণে অসংগতি পাওয়া যায়। এ ঘটনায় সম্প্রতি প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে জালিয়াতির মামলা করেছেন আব্দুল আলিম।অভিযোগকারীদের দাবি, মামলা চলমান থাকা অবস্থায় সম্প্রতি প্রতিপক্ষ আমির হোসেন, চাঁদ মিয়াসহ তাঁদের স্বজনেরা জোরপূর্বক জমিটি দখল করে চাষাবাদ শুরু করেছেন। এতে বাধা দিতে গেলে আরোজা খাতুন ও তাঁর সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ আমির হোসেন ও চাঁদ মিয়া জমিটি তাঁদের বলে দাবি করেন। তবে একই দলিল নম্বরে দুটি ভিন্ন স্থানে জমি রেজিস্ট্রির দাবি এবং তাঁদের দেখানো দলিল নম্বরে অন্য ব্যক্তিদের নামে দলিল থাকার বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"