প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৮ সালের কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি, যা ক্রিকেট বিশ্বে ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত, নিয়ে নতুন অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই স্বাধীন ফোরামের কার্যক্রম ও অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বক্তব্য গোপন রাখা হবে। প্রকাশ করা হবে কেবল তাঁদের বক্তব্য থেকে উঠে আসা মূল বিষয়গুলো এবং ভবিষ্যতের জন্য সুপারিশ।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া ফোরামের কার্যপরিধি ও শর্তাবলি প্রকাশ করেছে। এই স্বাধীন উদ্যোগের নেতৃত্বে থাকবেন সিনিয়র কাউন্সেল ফিওনা ম্যাকলিওড এও এসসি। বিচার, আপিল, রয়্যাল কমিশন, অনুসন্ধান ও স্বাধীন পর্যালোচনায় তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
ফোরামটি ছয় সপ্তাহের জন্য খোলা থাকবে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকা খেলোয়াড়, কোচ ও স্টাফরা এতে অংশগ্রহণ করতে পারবেন। তবে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কেউ অংশ নিলেও অথবা না নিলেও—কোনো সিদ্ধান্ত থেকে তাঁর বিরুদ্ধে ইতিবাচক বা নেতিবাচক কোনো ধারণা করা হবে না।
অংশগ্রহণকারীরা লিখিত বক্তব্য দিতে পারবেন, সরাসরি অথবা দূর থেকে ম্যাকলিওডের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন। চাইলে পারস্পরিক সম্মতিতে অন্য কোনো মাধ্যমেও নিজেদের অভিজ্ঞতা জানানো যাবে। বক্তব্যের সমর্থনে নথি বা অন্যান্য উপাদান জমা দেওয়ার সুযোগও থাকবে।
ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বক্তব্য প্রকাশ করা হবে না। এমনকি সেসব বক্তব্য সরাসরি ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডের কাছে জমা দেওয়া হবে না। বরং সব বক্তব্য পর্যালোচনা করে ম্যাকলিওড একটি প্রতিবেদন তৈরি করবেন। প্রতিবেদনটিতে অংশগ্রহণকারীদের সংখ্যা ও ধরন, তাঁদের বক্তব্য থেকে উঠে আসা প্রধান বিষয় এবং ভবিষ্যতে উন্নতির জন্য সুপারিশ থাকবে।
প্রতিবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে সেটি পূর্ণাঙ্গভাবে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড। একই সময়ে প্রতিবেদন নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানাবে বোর্ড। সে হিসাবে ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে প্রতিবেদনটি প্রকাশিত হতে পারে। তখন অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলবে।
ফোরামের অনুসন্ধানের পরিধিও নির্দিষ্ট করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়া পুরুষ দলের বল ব্যবস্থাপনার চর্চা, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের চারটি টেস্ট, ওই বছরের ২৪ মার্চের ঘটনা এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালিত মূল তদন্তের কার্যক্রম ও পরিধি পর্যালোচনায় থাকবে। অর্থাৎ ২০১৭-১৮ অ্যাশেজ সিরিজের সময়কার বল ব্যবস্থাপনার বিষয়ও আলোচনায় আসবে। তবে ওই মৌসুমের আগের সময় কিংবা ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পরের ঘটনাগুলো এই অনুসন্ধানের আওতায় পড়বে না।
২০১৭-১৮ অ্যাশেজে বলের সিম বা সেলাইয়ের অংশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা নিয়ে উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফট আগে নিজেদের স্মৃতির কথা জানিয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালিস্টার কুক, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসও ডেভিড ওয়ার্নারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছিলেন।
২০১৯ সালে প্রকাশিত আত্মজীবনীতে কুক লিখেছিলেন, উদ্যাপনের সময় কয়েক পেগ পান করার পর ওয়ার্নার তাঁকে জানিয়েছিলেন, প্রথম শ্রেণির একটি ম্যাচে হাতের স্ট্র্যাপের সঙ্গে লাগানো কিছু উপাদান ব্যবহার করে বলের ক্ষয় দ্রুত বাড়ানোর চেষ্টা করেছিলেন। কুকের দাবি অনুযায়ী, এ কথা শোনার পর স্টিভ স্মিথের প্রতিক্রিয়ায় মনে হয়েছিল, ওয়ার্নারের এমন কথা বলা উচিত হয়নি।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করেছে, এই ফোরাম কোনো ব্যক্তির দায় নির্ধারণ বা শাস্তি দেওয়ার উদ্যোগ নয়। আগে দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা, নতুন করে শাস্তির সুপারিশ কিংবা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ও এর আওতায় থাকবে না। এটি মূলত তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার প্রক্রিয়া।
ফোরামের নেতৃত্বে থাকা ম্যাকলিওড প্রয়োজনে কোনো অংশগ্রহণকারীর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাইতে পারবেন। তবে অন্য কেউ ফোরামে কী বলেছেন, তা প্রকাশ করে কোনো প্রশ্ন করতে পারবেন না। এ ছাড়া ২০১৮ সালের অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি ও পরিচালনব্যবস্থা পর্যালোচনা এবং কেপটাউনের ঘটনার পর তৎকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি কর্মকর্তা ইয়ান রয় পরিচালিত মূল তদন্তের নথিও তাঁর কাছে থাকবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন জানিয়েছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফদের বক্তব্য নিরাপদ পরিবেশে শোনার সুযোগ তৈরি করতেই এই ফোরাম। আট বছর আগের ঘটনা নিয়ে নতুন করে আলোচনার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর যে মানসিক ও ব্যক্তিগত চাপ তৈরি হয়েছে, তাঁদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ফোরামে কারা অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়। শর্তাবলি প্রকাশের আগে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার এই উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। খাজা চাইছিলেন, প্রত্যেকের বক্তব্য প্রকাশ্যে আসুক। অন্যদিকে ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছেন, নিজের স্মৃতিচারণা নিয়ে চার হাজার শব্দের একটি লেখা প্রকাশ করার পরও তিনি ফোরামে অংশ নেবেন।
চ্যাড সেয়ার্স অবশ্য অংশগ্রহণ নিয়ে দ্বিধায় রয়েছেন। তাঁর প্রশ্ন, কিছু বিষয় বাদ দেওয়ার সুযোগ থাকলে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার অর্থ কী? তিনি জানিয়েছেন, প্রকাশ্যেই এ বিষয়ে নিজের বক্তব্য দিয়েছেন, তাই নতুন করে বলার মতো খুব বেশি কিছু নেই।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য ফোরামকে পুরোপুরি সমর্থন করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং সম্পর্কে দলের জ্ঞাতসার নিয়ে খাজার অভিযোগ অস্বীকার করা কামিন্স জানিয়েছেন, তিনি নিজে ফোরামে অংশ নেবেন। তাঁর মতে, সংশ্লিষ্ট সবার কথা শোনা এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার শেখার জন্য এটি সবচেয়ে ভালো সুযোগ। তিনি আরও বলেন, কঠিন কিছু আলোচনা হলেও সেটি প্রয়োজন।
সব মিলিয়ে, স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন এই উদ্যোগে ব্যক্তিগত বক্তব্যের গোপনীয়তা বজায় রেখেই ঘটনার বিভিন্ন দিক বোঝার চেষ্টা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ফোরামে কতজন অংশ নেবেন এবং তাঁদের বক্তব্য থেকে কী ধরনের সুপারিশ উঠে আসবে, সেটিই এখন দেখার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন