১০:১১ পি.এম
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় নুডলস খাওয়ার পর বাবা-মা ও তাদের তিন শিশুসন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নির্ধারণের জন্য একটি ফরেনসিক টিম কাজ শুরু করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে তাদের ঘুম থেকে না ওঠার কারণে প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এরপর পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর খবর সামনে আসে।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামে পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বুলেন্স ও খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: পাকিস্তানের বেলুচিস্তানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত
পুলিশের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন— মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), এবং তাদের তিন সন্তান লাদ্দু (১১), সক্ষত (৩) ও মিষ্টি (৭)। মহেশের মা জানিয়েছেন, আগের দিন রাতে পরিবারের সবাই নুডলস খেয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের ফলাফলের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার সারণ কুমার সিং জানিয়েছেন, পরিবারের সদস্যরা গতকাল রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খাবার খান। এরপর তারা ঘুমাতে যান। আজ ওই তিন শিশুর একজনের পরীক্ষা ছিল। কিন্তু সে পরীক্ষা দিতে না ওঠার পর তার মৃত্যুর বিষয়টি সামনে আসে।
স্থানীয় এমএলএ ধীরেন্দ্র সিং এ ঘটনার বিষয়ে বলেছেন, তাদের খাবারে কোনো বিষ ছিল কি না, সেটি এখন তদন্ত করা হচ্ছে। অন্য কোনো কারণে তাদের মৃত্যু ঘটেছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মহেশের শ্যালিকা দাবি করেছেন যে, পরিবারটির মধ্যে বিরোধ চলছিল। তিনি জানান, জমি সংক্রান্ত একটি বিবাদ নিয়ে পরিবারটি সমস্যায় ছিল। মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত চলাকালীন এই দাবির বিষয়টি সামনে এসেছে।
তথ্যসূত্র: এশিয়ানেট নিউজ বাংলা
আরও পড়ুন: মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১৫ পুণ্যার্থী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন