প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক ছাড়বে। এই সুকুক আগামী ১ ডিসেম্বর নিলামের মাধ্যমে ইস্যু করা হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যবহার করা হবে।
সুকুক, যা ইসলামি বন্ড হিসেবে পরিচিত, শরিয়াহসম্মত আর্থিক সনদ। এটি প্রচলিত ঋণভিত্তিক বন্ডের পরিবর্তে বাস্তব সম্পদ বা নির্দিষ্ট ব্যবসায়িক প্রকল্পের অবিভাজ্য মালিকানার অংশীদারিত্বের ভিত্তিতে ইস্যু করা হয়।
সাধারণত এটি ইজারা বা লিজ চুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। বিনিয়োগকারীরা সম্পদের মালিকানা অর্জন করেন এবং সরকার বা ব্যবহারকারীর কাছে তা ভাড়া দেন। বিনিয়োগকারীরা এর বিপরীতে নির্ধারিত ভাড়া বা মুনাফা লাভ করেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (বিজিআইএস) নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এটি এ ধরনের দ্বিতীয় স্বল্পমেয়াদি সুকুক। নিলাম কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ উপদেষ্টা কমিটির অনুমোদন নিয়ে সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা-সংক্রান্ত নথি চূড়ান্ত করা হয়েছে।
এ সুকুক ইজারা বা লিজভিত্তিক পদ্ধতিতে ইস্যু করা হবে এবং এর অভিহিত মূল্য ৩ হাজার কোটি টাকা। সুকুকের মেয়াদপূর্তির তারিখ আগামী বছরের ২ জুন। ১৮২ দিনে বিনিয়োগকারীরা মোট ১১২ কোটি টাকা মুনাফা পাবেন, যা বার্ষিক হিসাবে ৭ দশমিক ৫০ শতাংশ হবে। মেয়াদ শেষে এককালীন এ অর্থ পরিশোধ করা হবে।
এর আগে দেশের প্রথম স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক সুকুক ইস্যু করা হয়েছিল, যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি বিনিয়োগের প্রস্তাব জমা পড়েছিল।
বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং আমানত বিমা তহবিলও এ সুকুকে বিনিয়োগ করতে পারবে। তবে এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ ব্যাংকে হিসাব রয়েছে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে হবে।
আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে এসএসএম সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীরা দরপত্র জমা দিতে পারবেন। সুকুকের বিনিয়োগকারী পরিচিতি বা এসআই আইডি ব্যবহার করে ন্যূনতম ১০ হাজার টাকার গুণিতকে দর প্রস্তাব করতে হবে। নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীরা একই দিন বিকেল ৩টায় নিজ নিজ আইডিতে বরাদ্দ করা সুকুক দেখতে পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন