প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি)-এর একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার, আন্তর্জাতিক অংশীদারি সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে অনারারি কনসালদের ভূমিকার ওপর জোর দেয়া হয়।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের (সিসিবি) সভাপতি ও মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরীন ফাতেমা আওয়ালের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে হুমায়ুন কবির উল্লেখ করে বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বহুমাত্রিক সহযোগিতা জোরদারে অনারারি কনসালরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিনি এ ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে অনারারি কনসালদের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিকে আরো গতিশীল করার জন্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারি সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণে কনস্যুলার কর্পসের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।
এ ছাড়া, সরকারের সঙ্গে আরো কার্যকর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা অব্যাহত থাকে।
প্রতিনিধিদলে আরো ছিলেন সিসিবির সহসভাপতি ও সাইপ্রাসের অনারারি কনসাল শাহাব সাত্তার, সহসভাপতি ও পর্তুগালের অনারারি কনসাল শাখাওয়াত হোসেন, মহাসচিব ও ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইশমাম, নির্বাহী কমিটির সদস্য ও লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের (লাও পিডিআর) অনারারি কনসাল জেনারেল আরিক মোরশেদ এবং নির্বাহী কমিটির সদস্য ও এসওয়াতিনির অনারারি কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল আন্তরিক অভ্যর্থনা ও সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তার জন্য পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের জাতীয় উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিসরে দেশের ভাবমূর্তি আরো সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন