প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত শতবর্ষী রানীখং সাধুযোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। ধর্মপল্লী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চুরি হওয়া ঘণ্টাটির মূল্য এক লাখ টাকার বেশি। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং সাধুযোসেফের ধর্মপল্লীতে চুরির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন ধর্মপল্লী কর্তৃপক্ষ।
ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতের বেলা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজানোর চেষ্টা করতে গিয়ে তারা ঘণ্টাটি খুঁজে পাননি। পরে ঘণ্টাটির সন্ধানে খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং মূল্য এক লাখ টাকার বেশি। পাঁচ বছর আগে এটি সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনার পর থানায় অভিযোগ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ঘণ্টাটি উদ্ধারের দাবি জানান তিনি।
স্থানীয় এক বাসিন্দা জানান, শতবর্ষী এই ধর্মপল্লীর ঘণ্টাটি ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ বিষয়ে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোর চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘ধর্মপল্লীটিতে দিনে লোকজন থাকলেও রাতে কোনো নিরাপত্তাকর্মী নেই। সিসিটিভি ক্যামেরাও সেখানে স্থাপন করা হয়নি। এ বিষয়ে ধর্মপল্লীর ফাদারের সঙ্গে আলোচনা হয়েছে। ডেপুটি স্পিকারের নির্দেশে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন