প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পুলিশ পেয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ এ তথ্য প্রকাশ করেছে। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।
পুলিশের সূত্র অনুযায়ী, প্রায় তিন বছর আগে জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের মালেক শেখের কন্যা ইতি আক্তারের সঙ্গে জাজিরা পৌরসভার সোনার দেউল এলাকার নূর মোহাম্মদ শেখের পুত্র সাত্তার শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন বলে অভিযোগ করেন ইতি।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। সর্বশেষ ১৭ আগস্ট রাতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার সময় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর স্বামী সাজ্জাদ শেখসহ কয়েকজনের বিরুদ্ধে পারিবারিক বিরোধ, শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে জাজিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইতি আক্তার। অভিযোগটির তদন্তের দায়িত্ব এসআই রফিকুল ইসলামকে দেওয়া হয়।
তদন্তের প্রক্রিয়ার অংশ হিসেবে বাদীপক্ষের সঙ্গে যোগাযোগের সময় রফিকুল ইসলাম ইতি আক্তারের কাছে ১০ হাজার টাকা দাবি করেন— এমন অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর এক নিকটাত্মীয় সৌদি প্রবাসী দুলাল মোড়লের সঙ্গে ফোনে কথোপকথনের সময় টাকা পাঠানোর জন্য নিজের বিকাশ নম্বরও দেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কথোপকথনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর রফিকুল ইসলামকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, এসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে। পূর্ণাঙ্গ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন