প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক পদে পদোন্নতি নিয়ে আলোচনা, সমালোচনা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। যারা দুর্নীতির অনুসন্ধান, মামলা, তদন্ত, চার্জশিট প্রদান এবং আদালতে বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে, দুর্নীতির দমন ও প্রতিরোধের কাজে দুর্বল ভূমিকা পালনকারী কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে কমিশনের বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) ও কমিশনের এ ধরনের সিদ্ধান্ত দক্ষ ও চৌকস কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি করেছে। এর ফলে দুর্নীতি দমন ও প্রতিরোধের কাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
ডিপিসির সভায় ২৬ জন উপপরিচালকের মধ্যে সাতজনকে পরিচালক পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়। গতকাল এই সুপারিশ কমিশনে জমা দেওয়া হয়। একইসঙ্গে চারজন পরিচালক থেকে একজনকে মহাপরিচালক পদে পদোন্নতির সুপারিশও করা হয়। আজ বৃহস্পতিবার দুদক কার্যালয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে দুটি সভায় এ সুপারিশ তৈরি করা হয়।
কমিশন সাতজন পরিচালক ও একজন মহাপরিচালককে পদোন্নতির অনুমোদন দেওয়ার পর দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দুদক সচিব সাইদুর রহমান খান সমকালকে জানান, "যাদের সম্পর্কে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি পাওয়া যায়নি- এমন সাতজনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "চারজন পরিচালকের মধ্য থেকে একজনকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।"
তিনি উল্লেখ করেন, পদোন্নতিপ্রত্যাশী ১৯ জন উপপরিচালকের তালিকা বাতিল করা হয়নি। এই কর্মকর্তাদের বিষয়ে শিগগির অন্য একটি গোয়েন্দা সংস্থা দ্বারা যাচাই করা হবে। এরপর তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, দুদকে বর্তমানে ১৫টি শাখার পরিচালকের পদ শূন্য রয়েছে। আজ পদোন্নতি পাওয়া সাতজনকে সাতটি শাখার দায়িত্ব দেওয়া হবে। বাকি সাতটি শাখার পরিচালকের পদ শূন্য থাকবে। পদোন্নতিপ্রত্যাশী ২৬ জনের মধ্যে বাকি ১৯ জনের মধ্যে আরও সাতজন যোগ্য বাছাই করতে পারেনি ডিপিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক পদোন্নতিপ্রত্যাশী একজন উপপরিচালক সমকালকে বলেন, "এটি দুদকের জন্য দুর্ভাগ্য। দক্ষ কর্মকর্তাদের রেখে অদক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "যারা প্রকৃতপক্ষে দক্ষ, তাদের মধ্য থেকে খুব সহজেই আরও সাতজন বাছাই করা সম্ভব ছিল। সেটি করা হয়নি। এটি কীসের ইঙ্গিত তা বোধগম্য নয়।"
দুদকের অভ্যন্তরের একটি সূত্র জানায়, পদোন্নতি পাওয়া সাতজনের মধ্যে কার জন্য কোন মন্ত্রণালয় থেকে তদবির করা হয়েছে, কেউ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রিয়ভাজন, আবার কেউ শীর্ষ পর্যায়ে তদবির করে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন।
দুদকের একাধিক সূত্র জানায়, পরিচালক পদে যারা পদোন্নতি পেয়েছেন, ১-২ জন বাদে বাকিদের কাজের দক্ষতা অত্যন্ত দুর্বল। তাদের চ্যালেঞ্জ, ঝুঁকি নিয়ে বড় বড় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের অভিজ্ঞতা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন পদস্থ কর্মকর্তা সমকালকে বলেন, "যারা ঝুঁকি নিয়ে বড় বড় কাজ করেন, তাদের বিরুদ্ধে শত্রুও তৈরি হয়।" তিনি আরও বলেন, "এমন কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশের ব্যবস্থা করা হয়।" সম্প্রতি পদোন্নতি প্রত্যাশী দক্ষ উপপরিচালক মো. মশিউর রহমানের বিরুদ্ধে একটি গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ করা হয়, যা সত্য নয় বলে জানিয়েছেন দুদকের একাধিক কর্মকর্তা।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মো. মশিউর রহমান বাদী হয়ে ২৬ উপপরিচালকের মূল্যায়ন করা গোয়েন্দা সংস্থার একজন সহকারী পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। অনুসন্ধানে ওই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে ৫ কোটি ২৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
পদোন্নতি প্রত্যাশী ওই ২৬ কর্মকর্তার বিষয়ে গোয়েন্দা সংস্থার মূল্যায়ন নিয়ে দুদকের ওই পদস্থ কর্মকর্তা আরও বলেন, "দুদকের কর্মকর্তাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে হয়।" তিনি উল্লেখ করেন, "যে গোয়েন্দা সংস্থায় দুদকের মামলার আসামি রয়েছে, সেই সংস্থার থেকে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের মূল্যায়ন প্রতিবেদন আসলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষোভের শিকার হতে পারেন।"
আজ জারি করা একটি প্রজ্ঞাপনে মোহাম্মদ মোরশেদ আলমকে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। আরেকটি প্রজ্ঞাপনে যে সাতজন উপ-পরিচালককে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে তারা হলেন, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত, মো. ফয়সাল।
বঞ্চিত ১৯ জন উপপরিচালক হলেন মনিরুজ্জামান, মো. মশিউর রহমান, মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান, আবু হেনা আশিকুর রহমান, মো. জাকারিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহমুদুর রহমান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মো. নুর-ই-আলম, দেবব্রত মন্ডল, মো. মোস্তাফিজুর রহমান, মো. নাজমুল হাসান, মো. গুলশান আনোয়ার প্রধান, মো. সালাহ উদ্দিন, মো. শাওন মিয়া, সুমিত্রা সেন, এস এম রাশেদুর রেজা ও মো. ইকবাল হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন