০৭:০১ পি.এম
ভারতীয় সেনাবাহিনীর ৩১তম প্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে মঙ্গলবার (৩০ জুন) দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা করেছেন যে, তিনি প্রযুক্তিনির্ভর এবং ‘ভবিষ্যৎ-প্রস্তুত’ সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেছেন। এই লক্ষ্যে, ধীরাজ শেঠ পাঁচটি মূল উপাদান নিয়ে গঠিত ‘বিজয়’ (VIJAY) ভিশনের রূপরেখা তুলে ধরেন।
সেনাপ্রধান হিসেবে প্রথম বক্তব্যে জেনারেল শেঠ জানিয়েছেন যে, দায়িত্ব গ্রহণের মুহূর্তটি তার জন্য ‘অত্যন্ত গর্ব ও বিনয়ের’। তিনি ‘দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশ’—এই আদর্শের অনুসরণের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘আমি দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশের আদর্শের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি।’ একই সঙ্গে, তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দেয়ার সুযোগের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: তারকাখচিত রাতে সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা
জেনারেল শেঠ দেশের সেবায় আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তাদের সাহস ও নিঃস্বার্থ আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের সেনাসদস্যদের অনুপ্রাণিত করবে।
তিনি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতের যুদ্ধ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
ভারতীয় সেনাবাহিনীকে ‘যুদ্ধপ্রস্তুত ও অভিজ্ঞ বাহিনী’ হিসেবে উল্লেখ করে জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সক্ষমতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া বর্তমানে সময়ের দাবি।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন