প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, ইতালি প্রবাসী ও স্থানীয় রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। বোমা তৈরির একপর্যায়ে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ সময় সেখানে উপস্থিত অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে তাদের অনেকের অবস্থান ও চিকিৎসার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। জানা গেছে, তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে।
বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় নতুন করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, চলমান বিরোধকে কেন্দ্র করে এলাকায় আরও সহিংসতা ঘটতে পারে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরেই বাইরে থেকে বোমা তৈরির কারিগর এনে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। ঘটনার পর অভিযুক্ত রাজ্জাক মোল্লা এলাকায় না থাকায় এ বিষয়ে রাজ্জাক মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন