প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের ফুটবলে গোলরক্ষকদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ক্লদিও তাফারেল, দিদা, জুলিও সিজার থেকে শুরু করে বর্তমানে আলিসন বেকার ও এদেরসন পর্যন্ত, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিটি প্রজন্মে বিশ্বমানের গোলরক্ষক পেয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, তিন কাঠির নিচে ব্যাটন কার হাতে থাকবে। আলোচনায় রয়েছে কিছু সম্ভাবনাময় মুখ, যার মধ্যে অন্যতম হল পালমেইরাসের গোলরক্ষক কার্লোস মিগুয়েল। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স তাকে আলোচনায় নিয়ে এসেছে, বিশেষ করে পেনাল্টি শুটআউটের দক্ষতার জন্য।
পেনাল্টি শুটআউট ফুটবলের এমন একটি অধ্যায়, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে একটি দলের ভাগ্য বদলে যেতে পারে। গোলরক্ষকদের একটি সেভ পুরো দলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে। সেই কঠিন মুহূর্তগুলোয় দলের এবং দেশের নজর থাকে গোলরক্ষকের দিকে। এই বিশেষ জায়গায় আলাদা পরিচয় তৈরি করছেন মিগুয়েল।
সর্বশেষ ৮ নভেম্বর কোপা দো ব্রাজিলের সেমিফাইনালের ফিরতি লেগে ভাস্কো দা গামার বিরুদ্ধে পালমেইরাস মুখোমুখি হয়েছিল। সাও জানুয়ারিতে নির্ধারিত সময়ে ২-১ গোলে পালমেইরাস হেরে গেলেও, দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ভাস্কোর অ্যালান লেসকানো ও আন্দ্রেস গোমেজের দুটি শট ঠেকিয়ে দেন মিগুয়েল। তার বীরত্বের কারণে পালমেইরাস ৫-৪ ব্যবধানে শুটআউটে জয়লাভ করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
গোলরক্ষক মিগুয়েল উচ্ছ্বাসে সতীর্থদের জড়িয়ে ধরেছেন। ছবি : শাহনুর রুমেন
এমন বীরত্ব চলতি মৌসুমে প্রথম নয়। পেনাল্টি শুটআউটে এটি মিগুয়েলের তৃতীয় সাফল্য। এর আগে কোপা লিবার্তাদোরেসের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের এলডিইউ কিতো এবং সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে দলের মুখে বিজয়ের হাসি এনেছেন। সব মিলিয়ে তিন শুটআউটে ১৫টি পেনাল্টির মধ্যে পাঁচটি রুখে দিয়েছেন এই গোলরক্ষক। অর্থাৎ, দর্শকরা প্রতিপক্ষের তিনটি শটের একটি আটকে দেওয়ার অসাধারণ ক্ষমতার সাক্ষী হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, পেনাল্টি শুটআউটে মিগুয়েল এখন পালমেইরাসের অন্যতম বড় ভরসা। ৬ ফুট ৮ ইঞ্চির দীর্ঘদেহী গোলরক্ষকের উপস্থিতি পেনাল্টি টেকারদের ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করে। প্রতিপক্ষের শটের দিক অনুমান করে সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ে বল প্রতিহত করা এবং চাপের মধ্যে স্থির থাকার অসাধারণ গুণ তাকে আলাদা করেছে।
তবে একজন গোলরক্ষককে বিচার করার একমাত্র মাপকাঠি পেনাল্টি শুটআউট নয়। পুরো ম্যাচে গোলবারের নিচে তার অবস্থান, রিফ্লেক্স, ক্রস সামলানোর দক্ষতা, বলের ওপর নিয়ন্ত্রণ এবং ডিফেন্সকে সংগঠিত রাখার ক্ষমতা সমান গুরুত্বপূর্ণ। তবে এসবের সঙ্গে পেনাল্টি শুটআউটের সামর্থ্য তাকে বিশেষ পরিচয় এনে দিয়েছে।
মিগুয়েলের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ব্রাজিল দলে কড়া নাড়ছেন এই গোলরক্ষক? ভবিষ্যতে নতুন সাজানো দলে কার্লো আনচেলত্তি কি তাকে বিকল্প হিসেবে ভাববেন? অভিজ্ঞ আলিসন বেকার ও এদেরসনের উত্তরসূরি হবেন কি না, তা সময়ই বলবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি নির্বাচকদের নজর কাড়ছেন।
ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির দলে জায়গা পাওয়া সহজ নয়। প্রতিটি পজিশনে প্রতিযোগিতা তীব্র। শুধু পেনাল্টি প্রতিহত করলেই হবে না, ধারাবাহিকভাবে বড় ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে মিগুয়েলকে।
সামনের দিকে পালমেইরাসের দুটি বড় শিরোপার লড়াই রয়েছে! কোপা দো ব্রাজিল ও কোপা লিবার্তাদোরেসের ফাইনাল। আপাতত তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা ধারাবাহিকতা ধরে রেখে শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেকে আবারও প্রমাণ করা। তবে পেনাল্টি শুটআউটে যে বিশেষ দক্ষতার পরিচয় দিচ্ছেন, তাতে জাতীয় দলের গোলপোস্টে নতুন সম্ভাবনা হিসেবে তাকে বিবেচনা করা হতে পারে ব্রাজিলের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন