প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের জন্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ব্যাটারদের খারাপ পারফরমেন্সকে দায়ী করলেন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ রানে অলআউট হয়ে যায়। এর পর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ২৭০ রানের বড় লিড নেয়। বড় ব্যবধানে পিছিয়ে থেকে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে লজ্জাজনকভাবে পরাজয় বরণ করে। ইনিংস ও ৮৫ রানে এই টেস্টে হেরে যায় টাইগাররা। বাংলাদেশ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল। এটি ইনিংস হিসেবে টেস্ট ইতিহাসে জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ঐ ইনিংসের ব্যর্থতা আমাদের ম্যাচ হারের প্রধান কারণ।’ তিনি আরও যোগ করেন, ‘ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে। তবে আমরা ভালো ক্রিকেটই খেলছিলাম।’ গত কয়েক বছরে এই ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফেভারিট ছিল। শান্ত মনে করেন, নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার কারণেই এই হার বরণ করতে হয়েছে। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’ বাংলাদেশের মূল বোলাররা এই টেস্টে বিশ্রামে থাকায় তাদের সেরা বোলিং আক্রমণ মাঠে নামেনি। শান্ত জানান, মূল বোলারদের বিশ্রাম দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘এটি পরিকল্পনারই অংশ। সাদা বলের ক্রিকেটে আমরা দুর্দান্ত খেলছি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করতে দলের সবাই আত্মবিশ্বাসী।’ অপরদিকে, অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের দলনেতা রিচার্ড এনগারাভা। তিনি ম্যাচে পাঁচ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যাচ শেষে এনগারাভা বলেছেন, ‘অনুভূতিটা দারুণ। সবাই কিছু না কিছু অবদান রেখেছে। ইনোসেন্ট কাইয়া দুর্দান্ত ব্যাটিং করেছে। গত কয়েক বছর ধরে আমাদের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান বেনেট। ভবিষ্যতে জিম্বাবুয়ের জন্য বড় সম্পদ হয়ে উঠবে পেসার নিউম্যান নিয়ামহুরি। আমরা এখন ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছি এবং ধাপে ধাপে এগোতে চাইছি।’ টেস্টের প্রথম ইনিংসে ১৪০ রানের সুবাদে ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া। নিজের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, ‘মূল মন্ত্রটা ছিল বেশ সহজ। কঠোর পরিশ্রম করা এবং ফিট থাকা। উইকেট খেলার জন্য বেশ কঠিন ছিল।’ বাংলাদেশি বোলাররা ভালো করেছে বলে জানান কাইয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয় তারা ভালো বল করেছে। তবে দিনটি আমার ছিল। আমি আমার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ফলাফল কী হবে, তা আমার জানা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন