প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে লাখ লাখ শ্রমিকের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান ঘোষণা করেছেন, আগামী জুনের মধ্যে এই হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চন্দ্রা এলাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় শ্রমিকদের উদ্দেশে তিনি এই তথ্য জানান। সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, “শ্রমিকরা আমার ভাই-বোন। আপনাদের ঘামেই চলে দেশ, আপনাদের ঘামেই চলে কালিয়াকৈরের অর্থনীতি।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কালিয়াকৈরে ১০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী জুনের মধ্যে এই হাসপাতালের কাজ শেষ হবে। কোনো শ্রমিক যাতে চিকিৎসার অভাবে মারা না যান, সেজন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকের চিকিৎসার দায়িত্ব এখন থেকে সরকারের।”
এ সময় তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের বেতন বেড়েছে, কিন্তু কোনো অবস্থাতেই বর্ধিত বাড়িভাড়া দেবেন না। কোনো উসকানিমূলক কাজে যাবেন না। খেয়াল রাখবেন, যেন শ্রমিকদের ছদ্মবেশে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে। বহিরাগত ও নৈরাজ্যকারীদের ঠাঁই হবে না কালিয়াকৈরে।”
কালিয়াকৈরের শিল্পাঞ্চলে প্রতিদিন ভোরে হাজার হাজার শ্রমিক কর্মস্থলে ছুটে গেলেও অসুস্থ হলে হাতের নাগালে ভালো চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ছিল না। জ্বর, ডেঙ্গু, দুর্ঘটনায় আহত হওয়া কিংবা প্রসূতি ও হৃদরোগীদের অর্থের অভাবে সুচিকিৎসা ব্যাহত হতো। এক শ্রমিক আবেগাপ্লুত হয়ে বলেন, “সারাদিন কাজ করে মাস শেষে যে বেতন পাই, তা দিয়ে সন্তানের স্কুলের বেতন, দোকানের বাকি, বাড়িভাড়া ও গ্রামের অসুস্থ বাবা-মায়ের ওষুধ চালাতে হয়। নিজের অসুখ হলে ডাক্তার দেখানোর টাকা থাকে না। এই হাসপাতাল হলে আমরা বাঁচব।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালে শ্রমিকদের জন্য জরুরি বিভাগ, মা ও শিশু বিভাগ, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, ডেঙ্গু ও জ্বরসহ সাধারণ রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে। শিল্পাঞ্চলের শ্রমিকরাই এখানে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
শান্ত কালিয়াকৈর, কাজে ফিরেছেন শ্রমিকরা। টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর অবশেষে শান্ত পরিবেশ ফিরে এসেছে কালিয়াকৈর শিল্পাঞ্চলে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে চন্দ্রা ত্রিমোড়, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর পৌর বাসস্ট্যান্ড, চন্দ্রা-নবীনগর মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিভিন্ন কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছিলেন পোশাকশ্রমিকরা। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, শ্রমিকদের আন্দোলনের ভেতরে ছদ্মবেশে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে মজুরি বোর্ড কমিশন শ্রমিকদের নতুন ন্যূনতম বেতন নির্ধারণ করেছে।
এদিকে মজুরি বৃদ্ধির পর বাড়ির মালিকরা যাতে ভাড়া বাড়িয়ে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে না দেন, সে লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, বাড়ির মালিক, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ইউএনও জানান, বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে এবং এ বিষয়ে এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হবে। পাশাপাশি বাড়ির মালিকদের উত্থাপিত বিদ্যুৎ বিল, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু উপদ্রবের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ ও বহিরাগতদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
আজ শুক্রবার শিল্পাঞ্চল শান্ত রাখতে প্রশাসনের পাশাপাশি শ্রমিক দল, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। নাশকতা ও লুটপাট ঠেকাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কালিয়াকৈরের সাতটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। বর্তমানে মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন