প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি বরাদ্দের সার না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ কৃষকরা এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) প্রায় ৬ ঘণ্টা গোডাউনে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, গোডাউনে পর্যাপ্ত সার মজুত থাকার পরও তাদের সার দেওয়া হচ্ছিল না। এতে এলাকায় কৃত্রিম সংকট তৈরি ও সরকারি সার কালোবাজারিতে বিক্রির অভিযোগ ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা সার গোডাউনে দায়িত্বরত বিএসকে অবরুদ্ধ করে গোডাউনে তালা ঝুলিয়ে দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ বিএসকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট বিএস দাবি করেন, ‘ভাই ভাই মেশিনারিজ’ নামের প্রতিষ্ঠানের নামে সার বরাদ্দ হলেও মূল ডিলার অনেক আগেই মারা গেছেন। তার দাবি, খায়রুল আলম নামে এক ব্যক্তি সার উত্তোলন করতেন এবং ‘বাবু’ নামে একজন সাব-ডিলার তা নিয়ন্ত্রণ করতেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৃত ডিলারের নাম ব্যবহার করে একটি চক্র সারের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই এলাকার জন্য ১৬০ বস্তা সার বরাদ্দ ছিল। ‘ভাই ভাই মেশিনারিজ’-এর ক্ষেত্রে অবৈধ সাব-ডিলার প্রথা ও সার বিতরণ সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট বিএসের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন