প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন জয়লাভ করেছেন। সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে পরাজিত করেছেন। এর ফলে ৯৪ বছরের মধ্যে কানসাস থেকে প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে নির্বাচিত হলেন হ্যামিল্টন। এই জয়ের মাধ্যমে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা সৃষ্টি হলো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যামিল্টনের এই জয় ডেমোক্র্যাটদের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। কারণ, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কানসাসে ট্রাম্প ১৬ শতাংশের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছিলেন। শুরুতে অঙ্গরাজ্যটির সিনেট নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছিল।
মঙ্গলবারের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি, যেখানে ডেমোক্র্যাটদের ছিল ৪৭টি। সিনেটের নিয়ন্ত্রণ নিতে হলে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বৃদ্ধি করতে হবে। হ্যামিল্টন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইউনাইটেড মেথডিস্ট গির্জার যাজক।
নির্বাচনী প্রচারে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং দুই দলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি নিজেকে ‘স্বাধীন চিন্তাধারার ডেমোক্র্যাট’ হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে রিপাবলিকানদের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে বলেন যে, তাকে কট্টর বামপন্থী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে। এই সময় রজার মার্শালের পক্ষে প্রচার চালাতে কানসাসে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ১৯ অক্টোবর উইচিটা এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কৃষকদের জন্য একটি জ্বালানি সহায়তা কর্মসূচি চালু করবে। এই কর্মসূচির আওতায় কৃষকদের ৮০০ কোটি ডলার প্রদান করা হবে। ফসল কাটার সময় ডিজেলের বাড়তি খরচ সামলাতে তারা এই অর্থ পাবেন বলে জানান ট্রাম্প।
৬২ বছর বয়সী হ্যামিল্টন খ্রিস্টধর্ম ও ধর্মতত্ত্ব নিয়ে ৩০টির বেশি বই লিখেছেন। ইরান যুদ্ধের কারণে ডিজেল ও সারের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কানসাসের কৃষকদের সমর্থন পেতে দুই প্রার্থীই নির্বাচনী প্রচারে গুরুত্ব দেন। রাজনীতিতে আসার আগে রজার মার্শাল প্রসূতি চিকিৎসক হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন এবং পরে ২০২০ সালে সিনেটর হন।
তবে গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বকেয়া চিকিৎসা বিল আদায় করতে তিনি ৭০০ জনের বেশি রোগীর বিরুদ্ধে মামলা করেছেন। এ নিয়ে মার্শাল সমালোচনার মুখে পড়েন। সেপ্টেম্বরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই প্রতিবেদনের সমালোচনা করে বলেন, এটি ‘উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ’ এবং দাবি করেন যে, বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে তিনি প্রচলিত নিয়ম অনুসরণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন