প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে। বাংলাদেশসহ সারাবিশ্বে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি উদযাপন করা হবে।
এবারের দিবসটির প্রতিপাদ্য হলো- ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। প্রতিবছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ ছিল।
এভাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা জানান, ডায়াবেটিস প্রতিরোধের জন্য প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সকলের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর চেয়ে কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো উচিত।
আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রধান লক্ষ্য।
এছাড়াও সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা, সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন