প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাষ্ট্র ও প্রশাসনের নিরপেক্ষতা, জনগণের স্বাধীন ভোটাধিকার এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তুলেছে। এই সঙ্গে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ এবং সাম্প্রদায়িক প্রচারণা নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
রবিবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ইউপি নির্বাচন ২০২৭ উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়সভায় এসব দাবি তুলে ধরে বাসদ। সভায় দলের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস।
বাসদের দেওয়া লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক সমাজ গঠনে স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এর জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা আবশ্যক। নির্বাচনী পরিবেশে কালোটাকা, পেশিশক্তি, মব সন্ত্রাস, সাম্প্রদায়িক উসকানি ও প্রশাসনিক পক্ষপাত কার্যকরভাবে প্রতিহত করতে হবে।
দলটির দাবির মধ্যে রয়েছে, সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সংকুচিত করে এমন প্রার্থীর জামানত বৃদ্ধির পদক্ষেপ বাতিল করা। শ্রমিক, কৃষক, নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও পক্ষপাতহীন ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ভয়ভীতি, হামলা, হুমকি ও প্রতিপক্ষকে দমনের চেষ্টা কঠোরভাবে দমনেরও দাবি করেছে দলটি।
নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে প্রার্থীদের ব্যয় নিয়মিত নিরীক্ষা এবং ব্যয়সীমা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিলসহ কার্যকর শাস্তির বিধান করার প্রস্তাব দিয়েছে বাসদ। দলটি নির্বাচন কমিশন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি করেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের অপেক্ষা না করে নির্বাচন কমিশনকে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
নির্বাচনী প্রচারণায় সাম্প্রদায়িক বক্তব্য, ঘৃণা, উসকানি ও বিভাজনমূলক প্রচার নিষিদ্ধ করে তা আচরণবিধিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাসদ। নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রার্থীদের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার প্রস্তাবও দিয়েছে দলটি।
স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে জনগণের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এর স্বায়ত্তশাসন নিশ্চিত ও শক্তিশালী করার দাবি জানিয়েছে বাসদ। এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার সম্পর্কে রাষ্ট্র ও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সংবিধানে ইংরেজিতে ‘লোকাল গভর্নমেন্ট’ এবং বাংলায় ‘স্থানীয় শাসন’ ব্যবহারের অসংগতি দূর করার প্রস্তাবও এসেছে দলটির পক্ষ থেকে।
বাসদের বক্তব্যে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্বাচন হতে হবে এমন, যেখানে রাষ্ট্র কোনো প্রার্থীর পক্ষ নেবে না, প্রশাসন কোনো দল বা প্রার্থীর হাতিয়ার হবে না এবং কালো টাকা, পেশিশক্তি, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানি জনগণের ভোটাধিকারকে প্রভাবিত করতে পারবে না। এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন