প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা ও গোমতী নদীর ওপর অবস্থিত পুরাতন সেতুর ত্রুটি দেখা দেওয়ার কারণে সংস্কার কাজের উদ্দেশ্যে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র থেকে জানা যায়, দাউদকান্দির অংশে মেঘনা ও গোমতী সেতুর গার্ডার এবং অ্যাবাটমেন্টের মধ্যবর্তী বেয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেয়ার ফলে সেতু কর্তৃপক্ষ যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার বিকাল ৫টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
১৯৯৫ সালে গোমতী ও মেঘনা নদীর ওপর নির্মিত এই সেতুটি দুই লেনের এবং এতে মোট ১৭টি স্প্যান রয়েছে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল করে। দাউদকান্দির অংশে বেয়ারিং প্যাডের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ায় ভারী ট্রাক, বাস ও কাভার্ডভ্যান চলাচলের সময় সেতুতে কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ ব্রেক বা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা বড় ধরনের সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, সেতু বন্ধ করার বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে, কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়। যানচলাচল স্বাভাবিক রয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সেতুর সংস্কার কাজের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নতুন সেতু দিয়ে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, সেতুর দাউদকান্দির অংশে বেয়ারিং প্যাডের ত্রুটি দেখা দেয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকি এড়াতে ২২ নভেম্বর রবিবার বিকাল ৫টা থেকে যানচলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন সেতু দিয়ে দুই লেনের যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সেতুটি কতদিন পর উন্মুক্ত হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মঙ্গলবার হেড অফিস থেকে একটি ভিজিটর টিম সেতু পরিদর্শন করবেন। এরপর বলা যাবে সেতুর কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর সেতুর সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ এক মাস রক্ষণাবেক্ষণ, সংস্কার ও কারিগরি কাজ সম্পন্ন করার পর সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর আবারো সেতুটি বন্ধ ঘোষণা করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন