প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা প্রশাসক মো. আবু সাঈদ ঘোষণা করেছেন, নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি প্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসক উল্লেখ করেন, পৌরসভার সরকারি খাল দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের দখল উচ্ছেদ করা হবে। খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, পিরোজপুর জেলায় ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সরকারি খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এসব স্থানে মশার প্রজননও বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন, একসময় পৌরসভার যেসব খালে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতো, সেখানে মানুষ সাঁতার কাটত এবং নৌকা-ট্রলার চলাচল করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব খাল দখল ও ময়লা-আবর্জনায় সংকুচিত হয়ে পড়েছে। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে পরিবেশ দূষণের পাশাপাশি মশার বিস্তারও বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, তেঁতুলতলা খালটিও ধীরে ধীরে দখলের কবলে পড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি পৌরসভার শীতলা খালের পাড় দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলোও দ্রুত উচ্ছেদ করা হবে।
জেলা প্রশাসক আরও জানান, পৌরশহরের সরকারি খাল দখল করে যেসব অবৈধ স্থাপনা বা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে খাল উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও স্বরূপকাঠি পৌর প্রশাসক মো. আবু রায়হান। এছাড়া বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক মো. ওহিদুজ্জামান মানিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমীর আবুল কালাম আজাদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন