প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক চলচ্চিত্রের দুনিয়ায় বাংলাদেশের সিনেমার সাফল্য আবারও প্রমাণিত হলো। আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার লাভ করেছে ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। এই ছবির জন্য সেরা পরিচালনার বিভাগে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা।
উৎসবটি ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ‘সাঁকোটা দুলছে’ ছবিটি উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করেছিল। সেখানে পরিচালনার স্বীকৃতি হিসেবে ছবিটি বিশেষ পুরস্কার পায়।
এই সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব পালন করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। ছবিটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত। গল্পে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং বিভিন্ন সামাজিক বিধি-নিষেধের চিত্র তুলে ধরা হয়েছে। নারীদের নিজেদের পরিচয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাই সিনেমাটির মূল বিষয়বস্তু।
‘সাঁকোটা দুলছে’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সিনেমাটির প্রযোজক মনোজ প্রামাণিক এবং সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত এবং রবিউস সানি।
এছাড়া, চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর এটি পোল্যান্ড, মিসরসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
‘সাঁকোটা দুলছে’ আন্তর্জাতিক উৎসবের মঞ্চে একের পর এক স্বীকৃতি পাচ্ছে। আয়ারল্যান্ডের এই পুরস্কারসহ চলচ্চিত্রটি এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে তিনটি পুরস্কার অর্জন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন