প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানে খাদ্যপণ্যের বাজারে সরবরাহ বিদ্যমান থাকলেও, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় খাদ্য কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। গমের আটা, মুরগির মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সংসারের ব্যয় সামলাতে গিয়ে অন্যান্য মৌলিক প্রয়োজনেও কাটছাঁট করতে হচ্ছে অনেক পরিবারকে। পরিস্থিতি নির্দেশ করছে যে, দেশটিতে খাদ্যসংকটের চেয়ে মানুষের খাদ্য কেনার সক্ষমতা নিয়ে উদ্বেগ বেশি হয়ে উঠেছে।
পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় এটি বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। শহরাঞ্চলে গমের দাম প্রায় ৩৯ শতাংশ, গমের আটার দাম ৩৪ দশমিক ২৭ শতাংশ এবং মুরগির মাংসের দাম ২০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
পিবিএসের সাপ্তাহিক সংবেদনশীল মূল্যসূচক (এসপিআই) অনুযায়ী, ১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে সামগ্রিক মূল্যসূচক আগের সপ্তাহের তুলনায় শূন্য দশমিক ৪৬ শতাংশ কমলেও, গত বছরের একই সময়ের তুলনায় তা ১১ দশমিক ২১ শতাংশ বেশি ছিল। গমের আটার দামও বছর ব্যবধানে ৩৬ দশমিক ১৪ শতাংশ বেশি রয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, অক্টোবর মাসে দেশটির অধিকাংশ পর্যবেক্ষণ করা বাজারে গমের আটার খুচরা দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। মৌসুমভিত্তিক সরবরাহের ঘাটতি, উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বৃদ্ধি এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
খাদ্যনিরাপত্তায় অবনতি
পাকিস্তানের পরিবারগুলোর ব্যয়ের বড় অংশই খাদ্যের পেছনে ব্যয় হয়। পিবিএসের ২০২৪-২৫ সালের পারিবারিক সমন্বিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, মোট পারিবারিক ভোগব্যয়ের ৩৬ দশমিক ৭২ শতাংশ ব্যয় হয় খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয় কেনায়।
এদিকে, দেশটিতে খাদ্যনিরাপত্তাহীন পরিবারের সংখ্যা বেড়ে গেছে। পিবিএসের সামাজিক সূচকবিষয়ক প্রতিবেদনে দেখা যায়, ২০১৮-১৯ সালে মাঝারি ও গুরুতর খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের হার ছিল ১৫ দশমিক ৯২ শতাংশ। ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৫ শতাংশে। অর্থাৎ জরিপে অংশ নেওয়া প্রায় প্রতি চারটি পরিবারের একটিই এ সমস্যার মুখে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আয়ের বৈষম্যও পরিস্থিতিকে আরও প্রকট করেছে। সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর ৪৫ দশমিক ৯৭ শতাংশ পরিবার খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। বিপরীতে, সবচেয়ে ধনী জনগোষ্ঠীর ক্ষেত্রে এ হার মাত্র ৮ দশমিক ৯৫ শতাংশ। গ্রামাঞ্চলে এ হার ২৬ দশমিক ৭২ শতাংশ, শহরাঞ্চলে ২০ দশমিক ৫৮ শতাংশ।
সরকারি উদ্যোগেও মিলছে না স্বস্তি
গমের সরবরাহ বাড়াতে সরকার আমদানির উদ্যোগ নিয়েছে। অক্টোবরের শেষ দিকে প্রায় ৫১ হাজার টন গম করাচি বন্দরে পৌঁছায়। তবে আমদানি করা গমের প্রভাবে পাইকারি বাজারে দাম কমলেও, খুচরা পর্যায়ে আটার দাম কমেনি।
চলতি মাসের শুরুতে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদন অনুযায়ী, করাচিতে ২০ কেজির আটার বস্তা বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩ হাজার ৫৪০ রুপিতে।
এ অবস্থায় ৪ নভেম্বর সিন্ধু সরকার প্রতি ৪০ কেজি গমের সরকারি সরবরাহমূল্য ৫ হাজার থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ রুপি করেছে। প্রাদেশিক মন্ত্রী শরজিল ইনাম মেমন আশা প্রকাশ করেন, এতে প্রতি কেজি আটার দাম প্রায় ১৫ রুপি কমবে। তবে এর সুফল ভোক্তাদের কাছে কতটা পৌঁছেছে, তা এখনো স্পষ্ট নয়।
উৎপাদন ব্যয় বাড়লেও নতুন শঙ্কা
শুধু ভোক্তারাই নন, কৃষকেরাও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপে রয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গম চাষে ব্যবহৃত ডিএপি সারের ৫০ কেজির বস্তার দাম ১৪ হাজার ৯ রুপি থেকে বেড়ে ১৭ হাজার ১৮৩ রুপিতে দাঁড়িয়েছে। ফলে অনেক কৃষক সারের ব্যবহার কমাচ্ছেন অথবা তুলনামূলক সস্তা বিকল্প বেছে নিচ্ছেন।
এ পরিস্থিতিতে ২০২৬-২৭ রবি মৌসুমের গম উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। কৃষকদের সহায়তায় সিন্ধু ও পাঞ্জাবে ভর্তুকি ও কৃষি সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এসব উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে প্রকৃত কৃষকদের কাছে সহায়তা পৌঁছানোর ওপর।
অন্যদিকে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (ফিউস নেট)। সংস্থাটির অক্টোবরের মূল্যায়নে বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাকিস্তানে ১ কোটি ৮০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ মানুষের খাদ্যসহায়তা প্রয়োজন হতে পারে।
বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বালতিস্তানের কিছু এলাকায় সংকটজনক পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
খাদ্যের দাম, কম ক্রয়ক্ষমতা, দুর্বল ফসল উৎপাদন ও কর্মসংস্থানের সীমাবদ্ধতাকে এর কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। সংকট মোকাবিলায় অনেক পরিবার বাকিতে খাবার কেনা, ঋণ নেওয়া, খাদ্য গ্রহণ কমানো কিংবা গবাদিপশু বিক্রির মতো কৌশল অবলম্বন করছে।
সব মিলিয়ে পাকিস্তানের খাদ্যসংকট কেবল সরবরাহ বাড়ানো বা দাম কমানোর বিষয় নয়। বাজারে খাবার থাকলেও তা কেনার সামর্থ্য না থাকায় লাখ লাখ পরিবার পর্যাপ্ত খাদ্য থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন