প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা কয়েক দিন ভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ধস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটির সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে তিনি রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে দীপেন দেওয়ান বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পার্বত্য জেলার মানুষের জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিক এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন। তিনি আরো জানান, প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারসহ সকল জাতিগোষ্ঠীর মানুষের কাছে সমানভাবে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসন ও দীপেন দেওয়ানের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুট সরবরাহ করা হয়।
দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন দীপেন দেওয়ান। তিনি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের প্রতি প্রশাসনের নির্দেশনা মেনে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "প্রশাসন যখন আশ্রয়কেন্দ্রে যেতে বলছে, তখন কেউ যেন সেই নির্দেশনা অবহেলা না করেন। অনেক সময় সতর্কবার্তা উপেক্ষা করার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।"
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব (পিপিএম), জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দও ছিলেন উপস্থিত।
এদিন দীপেন দেওয়ান রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া হিল উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন