প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাঠের সবুজ গালিচায় ফুটবল পায়ে জাদু দেখান তিনি। ১২৫ মিলিয়ন পাউন্ডের যৌথ ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো ২৫ বছর বয়সী এনজো ফার্নান্দেজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
কিন্তু ফুটবল আঙিনার চোখধাঁধানো আলোর বাইরেও তার জীবনটা যেন এক উত্তাল নাট্যমঞ্চের মতো! লন্ডনের পরিচিত কোলাহল ছেড়ে পরিবার নিয়ে ম্যানচেস্টারে নোঙর ফেলার এই মাহেন্দ্রক্ষণে আবারও আলোচনায় এসেছে ফুটবল এবং প্রেমের মেলবন্ধনে গড়া তার বর্ণিল ব্যক্তিগত জীবন।
এনজোর জীবনের এই প্রেম-কাহিনির প্রধান চরিত্র হলেন তার শৈশবের প্রেমিকা, রূপসী ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা সার্ভান্তেস। ২০১৮ সালে বুয়েনস এইরেসের সাধারণ কিশোর-কিশোরী হিসেবে শুরু হয়েছিল তাদের প্রণয়। জীবনের শুরুতে তাদের মধ্যে ছিল না কোনো চাকচিক্য।
উরকুইজার ছোট্ট এক কক্ষে লড়াই করেছেন দুজন। এনজো তখনো রিভার প্লেট থেকে কোনো বেতন পাননি, ভ্যালেন্টিনা কল সেন্টারে ও এম্পানাদার দোকানে কাজ করতেন। মেয়ের জন্য পুরনো কাপড় কিনতে হতো ফেসবুক মার্কেটপ্লেস থেকে, এবং বাসে চেপে যাতায়াত করতেন কাজের জায়গায়।
সেই অনিশ্চিত দিনগুলো পেরিয়ে বেনফিকা হয়ে চেলসি—এনজোর বিশ্বজয়ী তারকা হয়ে ওঠার পথে সব সময় ছায়ার মতো পাশে ছিলেন ভ্যালেন্টিনা।
কিন্তু খ্যাতির আলো যত উজ্জ্বল হয়েছে, প্রেমের পথ ততই জটিল রূপ নিয়েছে।
তবে সব সুন্দরেরই শেষ আছে। সোনার সংসারে প্রথম বড় ঝড় ওঠে ২০২৪ সালের নভেম্বরে। এনজো হঠাৎ করে ভ্যালেন্টিনাকে জানিয়ে দেন—তিনি একাকী বাঁচতে চান, ছোটবেলায় মিস করা ‘ব্যাচেলর জীবন’ উপভোগ করতে চান! আকস্মিক এই বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন ভ্যালেন্টিনা। কিন্তু নাটকীয়তা তখনো বাকি ছিল।
বিচ্ছেদের মাত্র তিন মাস পরেই ২০২৫ সালের শুরুতে লন্ডনের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় এই দম্পতিকে। গুঞ্জন ওঠে, ভ্যালেন্টিনার রূপে মুগ্ধ হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্কোয়াডেরই এক সতীর্থ তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন! সোশ্যাল মিডিয়ায় অন্য তারকাদের আগ্রহ আর সতীর্থ ফুটবলারের চোখ ধাঁধানো উপস্থিতির খবর পেয়েই নাকি ‘লন্ডন ব্যাকট্র্যাক’ করেন এনজো। প্রেমিকাকে হাতছাড়া না করার তাড়নায় তিনি দ্রুত সম্পর্কে ফেরেন।
সম্পর্ক জোড়া লাগলেও স্বস্তি মেলেনি। এবার নাটকে আগমন আর্জেন্টিনার আলোচিত মডেল ও উপস্থাপিকা ওয়ান্দা নারার। ২০২৫ সালের শেষভাগে এক রিয়্যালিটি শো-তে ভ্যালেন্টিনা প্রতিযোগী এবং ওয়ান্দা ছিলেন সঞ্চালক। শুটিং সেটেই তাদের দুজনের শীতল সম্পর্ক সবার চোখে পড়ে।
ফরাসি ও আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, ওয়ান্দা নারা এনজোর ইনবক্সে বার্তা পাঠিয়েছিলেন—‘তোমাকে দেখলাম, ইচ্ছে হলে নক দিয়ো।’ তবে চালাক এনজো নাকি উত্তর না দিয়ে সেই বার্তা সরাসরি দেখিয়ে দেন ভ্যালেন্টিনাকে! যদিও পরবর্তীতে ভ্যালেন্টিনা এই গুঞ্জন উড়িয়ে দিয়ে মিডিয়ার সামনে শান্ত থাকার চেষ্টা করেছিলেন।
সব ঝোড়ো হাওয়া পেরিয়ে, ভাঙাগড়ার চোরাবালি পেরিয়ে আবারও এক ছাদের নিচে এনজো-ভ্যালেন্টিনা দম্পতি। অলিভিয়া ও বেঞ্জামিন নামের দুই সন্তানকে বুকে জড়িয়ে ম্যানচেস্টারের নতুন সকালে এখন নতুন এক জীবনের স্বপ্ন বুনছেন দুজনে। মাঠের সবুজ ঘাসে যেমন এনজোর পাস নিখুঁত, ম্যানচেস্টারের আকাশের নিচে তাদের এই নাটকীয় প্রেমের গতিপথ কতটা মসৃণ থাকবে—তা সময়ই বলে দেবে!
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন