প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে হাজার হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর কিংবা ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়নি।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। রাস্তাঘাটে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল ও মোতায়েন দেখা গেছে।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘কালিয়াকৈর আমাদের শিল্পের প্রাণ। এখানে লাখ লাখ শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা শান্তিতে কাজ করবেন, মালিকেরা শান্তিতে কারখানা চালাবেন এবং ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবেন- এটাই আমাদের লক্ষ্য। কোনো ধরনের ভাঙচুর, অশান্তি ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে আছে। রাজনৈতিক কর্মী, শ্রমিক ও মালিক সবাই মিলে আমরা কালিয়াকৈরকে শান্ত রাখব।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ‘সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও সহকারীরা কাজে ফিরেছেন। কালিয়াকৈর-চন্দ্রা-ঢাকা সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকেরা সকাল থেকেই কাজে যোগদান করেছেন। কারখানার সামনে কোনো উত্তেজনা নেই এবং শ্রমিক উপস্থিতি প্রায় শতভাগ। কালিয়াকৈর বাজার, চন্দ্রা মোড়, শ্রীফলতলী মোড়, মৌচাক ও সফিপুর এলাকার ব্যস্ত সড়কে বাস, ট্রাক, অটোরিকশা ও পিকআপ স্বাভাবিকভাবে চলাচল করছে। পুলিশের পাশাপাশি যুবদলের কর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে দেখা গেছে।
এক পোশাকশ্রমিক বলেন, ‘আমরা কাজ করতে চাই, ঝামেলা চাই না। আজ পরিবেশ ভালো থাকায় নির্বিঘ্নে কারখানায় ঢুকেছি।’ আরেক নারী শ্রমিক বলেন, ‘সকালে কিছুটা ভয় লাগছিল, কিন্তু রাস্তায় পুলিশ দেখে ভয় কেটে গেছে। শান্তিতেই কাজে এসেছি।’
কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, ‘কোনো ভাঙচুর বা অশান্তি হোক, তা আমরা চাই না। শ্রমিকেরা যাতে শান্তিতে কাজ করতে পারেন, সে জন্য পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা মাঠে আছি।’
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে জনমনে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলা রয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক। কালিয়াকৈর বাজারের এক ব্যবসায়ী বলেন, সকাল থেকে বেচাকেনা ভালো হচ্ছে। শিল্পাঞ্চলের এই শান্ত পরিবেশ বজায় থাকুক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন