প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, হুমকি ও হয়রানির শিকার সাংবাদিকদের জন্য চিকিৎসা, আইনি, মনোসামাজিক ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক সহায়তা প্রদান করতে রেফারেল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় বিপদগ্রস্ত সাংবাদিকরা স্থানীয় অংশীদার সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে গুরুতর আহত ১২৮ জন সাংবাদিককে এককালীন ১৯ হাজার ১৮০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃত্বে বাস্তবায়িত ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর ফার্মগেটে তৌফিক আজিজ খান সেমিনার হলে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স। এই কর্মশালায় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকীয়, প্রশাসনিক ও সেফগার্ডিং বিভাগের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তাঝুঁকি মোকাবেলা, অভিযোগ গ্রহণ এবং বিপদগ্রস্ত গণমাধ্যমকর্মীদের দ্রুত সহায়তা দেওয়ার বিদ্যমান নীতিমালা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ নিয়ে সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ ও কার্যকর করার লক্ষ্যে আলোচনা করা হয়।
কর্মশালায় বাস্তব ঘটনা পর্যালোচনা করে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়। এ সময় বিপদগ্রস্ত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, সম্মতি নেওয়া এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে একজন ‘সেফগার্ডিং ফোকাল পারসন’ এবং তার বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের সুপারিশও করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশন বিভাগের প্রধান ওয়াসিউর রহমান তন্ময় জানান, সহায়তা পাওয়ার জন্য আবেদনকারী সাংবাদিকের প্রেসকার্ড, স্থায়ী চাকরি, সদস্যপদ কার্ড কিংবা পুলিশের কাছে করা মামলার প্রয়োজন হবে না। প্রকাশিত প্রতিবেদন, কাজের নমুনা, প্রত্যক্ষদর্শীর বক্তব্য অথবা চিকিৎসার নথিপত্রের ভিত্তিতে আবেদন করা যাবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম এবং জরুরি সহায়তার সংস্থান রাখার আহ্বান জানান।
মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা নুসরাত ফাতিমা বলেন, সাংবাদিকতা পেশায় যুক্ত ব্যক্তিরা নানা ধরনের গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই গণমাধ্যমকর্মীদের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
ব্রেকিং দ্য সাইলেন্স-এর কর্মকর্তা মো. নূরে আলম জানান, কর্মশালার পরবর্তী ধাপে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠান ও প্রকল্পের অংশীদারদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে রেফারেল ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হবে। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন