প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমন মৌসুমে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সিন্ডিকেট করে সার আটকে রাখার অভিযোগ তুলেছেন তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের পশ্চিম মাঠের পাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। এ ছাড়া রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজারের প্রধান সড়কেও কৃষকরা বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, আমন ধানের জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে ডিলারদের কাছে ঘুরেও চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও অতিরিক্ত টাকা দিলেও সার মিলছে না। আবার গোপনে সার বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
কৃষক শফিকুল ইসলাম শফি (৬২) বলেন, ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। ঘটনার পর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রকৃত কৃষকরা চাহিদামতো সার পাচ্ছেন না। সময়মতো সার না পেলে আমন ধানের ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষক মোসলেম উদ্দিন (৫৫) বলেন, সরকারি হিসেবে সারের সংকট নেই বলা হলেও ডিলারের দোকানে গেলে সার পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে কৃষক ও কৃষি উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, বেরুবাড়ী ইউনিয়নের চাহিদা অনুযায়ী অন্য ইউনিয়ন থেকে দুই মেট্রিক টন সার এনে বিতরণের প্রস্তুতি চলছে। তবে সেখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রামখানা ইউনিয়নে আমন মৌসুমের সার বিতরণ পরিস্থিতি নিয়ে জরিপ করা হচ্ছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সারের কোনো সংকট নেই। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের বক্তব্য পাওয়া যায়নি।
কৃষকদের দাবি, আমন মৌসুমে চাহিদামতো সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন