প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেটে মাঠে নামার সুযোগ ১১ জনের জন্য থাকে। তবে প্রত্যাশা থাকে আরো অনেকের। কখনো ফর্ম, কখনো ফিটনেস, পিচ কন্ডিশন, টিম কম্বিনেশন—বিভিন্ন কারণে সেরা একাদশ নির্বাচন করা হয়। ফলে অনেক সময় ভালো ক্রিকেটারও বাদ পড়ে যান। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান প্রথম টেস্টের মূল একাদশ থেকে পেসার মোহাম্মদ সিরাজ বাদ পড়ার বিষয়টি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এবার এটি ক্রিকেটের অঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।
কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ মোহাম্মদ সিরাজের বাদ পড়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, নামের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি ওই সাংসদের মন্তব্যকে পাল্টা ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ বলেন, “ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম ‘সিরাজ’, আর সে কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি আপনি তাকে দলে না নেন, তবে বৈষম্যটা স্পষ্ট।”
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিরুদ্ধে ক্রিকেট দল নির্বাচন নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভান্ডারি লেখেন, ‘কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! কংগ্রেস এখন ক্রিকেট দল নির্বাচনেও ভোটব্যাংকের রাজনীতি করছে! কংগ্রেস বলছে—মুসলিম হওয়ার কারণে সিরাজকে বাদ দেওয়া হয়েছে। এমনকি জাদেজাকেও তো বাদ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ক্রিকেটারই ভারতের প্রতিনিধিত্ব করে জার্সি গায়ে জড়ান। ভোটব্যাংক ও সাম্প্রদায়িক রাজনীতির জন্য ভারতীয় ক্রিকেট দলকে বিভক্ত করা বন্ধ করুন।’
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের একাদশ থেকে সিরাজের বাদ পড়া নিয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রীও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, টিম ম্যানেজমেন্টের উচিত ছিল এই পেসারের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া।
এই ম্যাচে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত চারজন পেসার নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পাওয়া বাকি তিন পেসার হলেন প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ এবং অংশুল কাম্বোজ। গাভাস্কার সিরাজের বাদ পড়াকে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন, আর শাস্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘অভিজ্ঞতা এবং কাজের প্রতি নিষ্ঠার কারণে এই পেসারকে দলে রাখা উচিত ছিল।’
তবে অধিনায়ক শুভমান গিল এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাক দাবি করেছেন, এই টেস্টের জন্য সম্ভাব্য সেরা একাদশই নির্বাচন করা হয়েছে।
বাদ পড়া খেলোয়াড়দের প্রসঙ্গে গিল বলেন, ‘ব্যাপারটা বেশ কঠিন, জানেনই তো। আমরা গত এক সপ্তাহ ধরে ভাবছিলাম কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামব, কারণ আমাদের সব ফাস্ট বোলারই দারুণ করছে। সিরাজ এবং গুরনুর—দুজনের জন্যই বাদ পড়াটা খুব কঠিন।’
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও সিরাজকে বাইরে রাখার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের কোটাক বলেন, ‘সিরাজের কোনো সমস্যা নেই। আমরা যখন দল নির্বাচন করেছি, তখন মনে হয়েছে এটাই সেরা একাদশ। আমি মনে করি না সিরাজকে বাদ দেওয়া কোনো ভুল সিদ্ধান্ত ছিল।’
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন