প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর হাট-বাজার, দোকানপাট ও গণপরিবহনে ২, ৫, ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার ছেঁড়া, ফাটা, টেপ লাগানো ও অতি পুরনো নোটের কারণে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। প্রতিদিনই এসব নোট নিয়ে সৃষ্টি হচ্ছে বাকবিতণ্ডা ও অস্থিরতা। ব্যাংক থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত, সবখানেই এই নোটগুলোর লেনদেনে অনীহা দেখা যাচ্ছে, ফলে নিত্যদিনের কেনাকাটায় স্থবিরতা নেমে এসেছে।
সরেজমিনে নরসিংদী শহরের বড় বাজার, সেবাসংগের মোড়, বাজির মোড় ও ভেলানগর বাজার পরিদর্শন করে দেখা গেছে, হাতবদল হতে হতে অনেক নোটের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে সেগুলো সহজে চেনা কঠিন হয়ে পড়েছে। কোথাও স্কচটেপ দিয়ে জোড়া লাগানো, কোথাও আংশিক ছেঁড়া কিংবা কালির দাগে অস্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে ২, ৫, ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোটের ক্ষেত্রে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
বাজারে আসা এক ক্রেতা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সকালে মাছ আর সবজি কিনলাম। দোকানদার ভাংতি হিসেবে ছেঁড়া-ফাটা ২০ আর ১০ টাকার নোট ধরিয়ে দিল। পরের দোকানে গিয়ে মুদি সদাই নিতে চাইলে সেই নোট আর নিতে চায় না। এভাবে আমাদের পকেটে জমে থাকা ছেঁড়া নোটগুলো এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দিনশেষে লোকসান গুনতে হচ্ছে আমাদেরই।'
একই ধরনের বিড়ম্বনার কথা জানালেন কলেজশিক্ষার্থী তাসনিম আক্তার। তিনি বলেন, 'রিকশা বা বাসে উঠলে ভাড়া মেটানোর সময় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়। অনেক চালক বা হেলপার ছেঁড়া নোট দেখলেই ফিরিয়ে দেন, আবার অনেকে বাধ্য হয়ে নিলেও পরের যাত্রীকে দিতে গিয়ে ঝামেলায় পড়েন। সাধারণ মানুষের জন্য এটি বড় ধরনের হয়রানি।'
ক্ষুদ্র ব্যবসায়ীদের মতে, ক্রেতাদের কাছ থেকে না নিলে বিক্রি কমে যায়, আবার নিলে পাইকারি বাজার বা মহাজনের কাছে গেলে বিপত্তি বাঁধে। বড় বাজারের মুদি দোকানি আবুল কালাম বলেন, 'সারাদিন বেচাকেনা শেষে দেখা যায়, জমানো খুচরা নোটের মধ্যে বেশিরভাগই ছেঁড়া বা টেপ মারা। আমরা তো আর নোট ছাপাতে পারি না, লেনদেনের স্বার্থে নিতে হয়। কিন্তু পাইকাররা যখন এসব নোট নিতে চান না, তখন আমাদের পুঁজি আটকে যায়। ব্যাংকে গিয়ে বদলানোর মতো সময় বা সুযোগ সবসময় সবার থাকে না।'
চায়ের দোকানদার মিজানুর রহমান বলেন, '৫ আর ১০ টাকার নোটের অবস্থা সবচেয়ে খারাপ। মানুষের হাতে হাতে ঘুরতে ঘুরতে এগুলো নরম হয়ে ছিঁড়ে যাচ্ছে। অনেক সময় কাস্টমাররা ইচ্ছাকৃতভাবেই ছেঁড়া নোট চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে প্রতিদিনই দোকানদার ও ক্রেতার মধ্যে তর্কাতর্কি লেগেই থাকে।'
সংশ্লিষ্টদের মতে, বাজারে পর্যাপ্ত পরিমাণে নতুন ও ব্যবহারযোগ্য ক্ষুদ্র নোটের সরবরাহ না থাকা এবং পুরনো নোট দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার কার্যকর উদ্যোগের অভাবেই এই সংকট দীর্ঘায়িত হচ্ছে। পাশাপাশি ছেঁড়া বা টেপ লাগানো নোট বিনিময়ের নিয়মকানুন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণার ঘাটতিও রয়েছে। নরসিংদীর সচেতন মহল, ক্রেতা ও ব্যবসায়ীরা দ্রুত বাজারে নতুন ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট সরবরাহ বৃদ্ধি এবং অচল ও ছেঁড়া নোটগুলো সহজে বিনিময়ের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় দৈনন্দিন আর্থিক লেনদেনে এই ভোগান্তি আরও বাড়বে বলে তাদের আশঙ্কা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন