প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ জুলাই, ২০২৬ : ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজয়ের পর স্পেনকেই সেরা দল হিসেবে স্বীকার করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বদলি খেলোয়াড় ফেরান তোরেস অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে ১০ জনের আর্জেন্টিনাকে পরাজিত করে বিশ্বকাপের শিরোপা ঘওে তোলে।
লিওনেল মেসিকে নিয়ে গড়া দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৬২ সালের পর থেকে প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল।
স্কালোনি বলেন, "স্পেনই ভালো দল ছিল, এটাই সত্য। তবে আমার খেলোয়াড়দের অর্জন এবং এত দূর পর্যন্ত পৌঁছানোর মূল্যবান স্মৃতি আমি সযত্নে লালন করব। এটিকে আমাদের অত্যন্ত মূল্য দিতে হবে, কারণ এখানে পৌঁছাতে অসাধারণ পরিশ্রম করতে হয়।"
সাম্প্রতিক সাফল্য উদযাপনের সময় দলের সবাই যেমন বিনয়ী ছিল, পরাজয়কেও একই মর্যাদা নিয়ে গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন স্কালোনি।
তিনি বলেন, "জয়ের সময় আমরা উদার ও বিনয়ী থাকি, পরাজয়ের সময়ও আমাদের তেমনই থাকতে হবে। আজ আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়।"
তিনি আরও বলেন, "আমরা ম্যাচটি হেরেছি এবং তাও মেনে নিচ্ছি। কিন্তু এতে এই অর্থ নেই যে আমরা জীবন থামিয়ে দেব বা এখানে পৌঁছানোর জন্য আমাদের করা প্রচেষ্টা ভুলে যাব।"
২০২৬ বিশ্বকাপজুড়ে অসাধারণ সমর্থনের জন্য তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর্জেন্টিনা কোচ বলেন, "দেশের মানুষ, আমার খেলোয়াড় এবং পুরো দেশের উদ্দেশ্যে আমি বলতে চাই- আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। আমরা বাস্তবতা বুঝেই এখানে এসেছিলাম। কিন্তু খেলোয়াড়রা যদি আজকের মতো মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেয়, তাহলে সেটি আমাদের জনগণ ও দেশের জন্য একটি দারুণ উদাহরণ হয়ে থাকবে। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।"
৪৮ বছর বয়সী এই কোচের মতে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠাটাও একটি বড় অর্জন, যার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।
তিনি বলেন, "রানার্সআপ হওয়াকেও আমি অবশ্যই মূল্য দিই, কারণ এখানে পৌঁছাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তা সত্যিই অসাধারণ। আমার বিশ্বাস, এই অর্জন বড় ধরনের স্বীকৃতি পাওয়ার যোগ্য।"
স্কালোনি আরও বলেন, "স্বাভাবিকভাবেই আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার অনুভূতি কৃতজ্ঞতার, এটাই একমাত্র শব্দ। অবশ্যই এর সঙ্গে দুঃখও আছে।"
সবশেষে তিনি বলেন, "কিন্তু যখন আপনি এভাবে নিজের সবকিছু উজাড় করে দেন, ভালো খেলুন বা খারাপ খেলুন, তখন সেই দলের দোষ খুঁজে বের করা সত্যিই খুব কঠিন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন