প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ব্যাংকিং খাতের শীর্ষ প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নিট মুনাফায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ঋণদাতা ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। এই সময়ের মধ্যে ব্যাংকটির সমন্বিত নিট (একক) মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এটি ১৯৩ শতাংশ বেশি। দেশের কোনো ব্যাংকের জন্য ৬ মাসে এত নিট মুনাফা অর্জনের নজির এটিই প্রথম।
সম্প্রতি প্রকাশিত ব্যাংকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৭ পয়সায়। গত বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ১৪ পয়সা।
ব্যাংক সূত্রের মতে, এই অর্জনের মাধ্যমে বাণিজ্যিক খাতের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর চেয়েও প্রতিষ্ঠানটি এগিয়ে রয়েছে। প্রথম ছয় মাসে ১ হাজার ৪২৩ কোটি টাকা নিট মুনাফা করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকটির আর্থিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তহবিল সংগ্রহের খরচ বেড়ে যাওয়ায় প্রথম ৬ মাসে সোনালী ব্যাংকের নিট সুদ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কমে ৪২৪ কোটি ৮৮ লাখ টাকায় নেমে এসেছে। তবে নিট সুদ আয় কমলেও ব্যাংকটির শক্তিশালী ট্রেজারি ব্যবস্থাপনা তা সামলে নিয়েছে।
বিনিয়োগ খাত থেকে ব্যাংকটির আয় হয়েছে ৪ হাজার ৮২৪ কোটি টাকা, যা ২০২৫ সালের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেশি। যদিও বিনিয়োগে ভালো করলেও প্রশাসনিক খরচ বেড়ে যাওয়ায় ব্যাংকটির পরিচালন মুনাফা (কর ও প্রভিশন পূর্ববর্তী সমন্বিত মুনাফা) ৬ শতাংশ কমে ৩ হাজার ৫৪৬ কোটি টাকা হয়েছে। পরিচালন মুনাফা কমার পরও নিট মুনাফায় বড় প্রবৃদ্ধির মূল কারণ খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া। চলতি বছরের প্রথম ৬ মাসে সোনালী ব্যাংক প্রভিশন বাবদ ১ হাজার ১১৩ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৯ শতাংশ কম।
এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষে সোনালী ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ১৮ দশমিক ২৭ শতাংশই ছিল খেলাপি। ২০২৫ সালের ডিসেম্বরের শেষে যা ছিল ১৫ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে, ২০২৬ সালের জুন শেষে সোনালী ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩২ টাকা ৩ পয়সায়।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শওকত আলী খান ইনকিলাবকে বলেন, "আমরা ঋণ আদায় জোরদার করছি এবং ছোট-মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদানে উৎসাহ দিচ্ছি। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি। কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ব্যাংকের জন্য নিরলসভাবে কাজ করেছে। একই সঙ্গে একটি শক্তিশালী ব্যাংক হিসেবে যা প্রয়োজন, তা করা হচ্ছে, ফলে ব্যাংক ভালো মুনাফা করছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন