প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের কারণে ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তির আওতায় সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে এবং পরবর্তী এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শাস্তির চূড়ান্ত সিদ্ধান্তটি গত ৩১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত হয়। এর আগে ২০ আগস্ট শৃঙ্খলা পরিষদের সভায় শাস্তির সুপারিশ করা হয়েছিল। ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত আদেশে শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধের মাত্রা অনুযায়ী ‘পরীক্ষা +১’, ‘পরীক্ষা +২’ ও ‘পরীক্ষা +৩’ এই তিন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। তালিকায় থাকা ৬৪ শিক্ষার্থীর মধ্যে ২০ জনকে +১ মেয়াদে, ৩১ জনকে +২ মেয়াদে এবং ১৩ জনকে +৩ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরীকে ‘পরীক্ষা + ২’ এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউসকে ‘পরীক্ষা + ১’ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। উভয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।
শাস্তিপ্রাপ্ত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সর্বাধিক ৭ জন রয়েছেন। নার্সিং, এমবিবিএস, পদার্থবিজ্ঞান, রসায়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, আইন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই শাস্তির আওতায় পড়েছেন।
এদিকে, শিক্ষার্থীদের জন্য অনুতপ্ত হয়ে প্রক্টর অফিসের মাধ্যমে উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে শাস্তি কমানোর আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া আবেদনের ভিত্তিতে উপাচার্য ইতিমধ্যে ১৪ জন শিক্ষার্থীর এক বছরের শাস্তি মওকুফ করেছেন।
এছাড়া এবারের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় জব্দ করা মোবাইল ফোন শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। শাস্তির মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যথাযথ প্রক্রিয়ায় লিখিত আবেদন করে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন ফেরত নিতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন