প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ কথা বলছেন।
ঢাকার ধামরাইকে একটি পরিকল্পিত ও মডেল টাউন হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
তিনি মন্তব্য করেন, নারীরা ঘর সামলানোর পাশাপাশি রাস্তার কাজ, মাটি ভরাটসহ বিভিন্ন কাজ করতে সক্ষম। এতে লজ্জা পাওয়ার কিছু নেই; বরং এটি গর্বের বিষয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
তিনি আরও বলেন, নারীদের উন্নয়নের জন্য আমি প্রথম রাস্তার কাজ দিয়েছি। তাদের বলেছি, তোমরা মাটি ভরাটের কাজ করো, ইটের কাজ করো। কোনো কাজই ছোট নয়। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, কোনো কাজ ছোট নয়।
নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সুলতানা আহমেদ বলেন, মহিলারা রান্না করবেন, ঘর সামলাবেন, সন্তান সামলাবেন, আবার মাটি কাটার কাজও করবেন—এতে অসুবিধা কী আছে? এখানে কোনো লজ্জা-শরমের ব্যাপার নেই। আমি মনে করি, এটি আমাদের গর্বের বিষয়।
ধামরাইয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ধামরাইকে আরও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন। তাহলেই আগামী দিনে এটি একটি মডেল টাউন হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিএনপির রাজনীতি ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন সুলতানা আহমেদ। তিনি বলেন, জাতীয়তাবাদী দল ঐক্যের দল এবং জনগণের পক্ষে কাজ করতে দলীয় নেতৃত্ব নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে এই সংসদ সদস্য বলেন, আমাদের প্রধানমন্ত্রী নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি জনগণের প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশের নারীদের গর্বিত করেছেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি শিশুদের শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
ধামরাইয়ের উন্নয়ন প্রসঙ্গে সুলতানা আহমেদ বলেন, এলাকায় দুইজন সংসদ সদস্য রয়েছেন এবং তারা সমানভাবে উন্নয়নকাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, ইতোমধ্যে ধামরাইয়ে অনেক রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন বরাদ্দ ও অনুদানও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকাজে ব্যয় করা হচ্ছে।
দেশের পরিবেশ ও সবুজায়ন নিয়েও কথা বলেন সুলতানা আহমেদ। তিনি বলেন, বাংলাদেশকে সবুজ করতে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরও এগিয়ে যাবে এবং দেশকে আরও সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব হবে।
এ সময় ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লিপা আক্তার, পৌর মহিলাদলের সুমাইয়াসহ বিএনপি, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন