প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি নতুন ভোরের সূচনা করেছিল। এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরতান্ত্রিক ও একদলীয় শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছিল। সেদিন দেশের সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তারা এমন একটি রাষ্ট্র চেয়েছিল, যেখানে গুম বা খুনের কোনো স্থান থাকবে না। সেখানে বিচারবহির্ভূত হত্যা কিংবা রাষ্ট্রীয় নিপীড়নের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ বুকভরা আশা নিয়ে ভেবেছিল, রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই তারা বিশ্বাস করেছিল, দেশে অন্তত আর কখনো ফ্যাসিবাদী অপশক্তির ছায়া পড়বে না। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, সেই আশা আজ হোঁচট খাচ্ছে। ফ্যাসিবাদ তাড়ানোর পর যে মসৃণ ও গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তা আজ নানা অভ্যন্তরীণ দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে পারস্পরিক অনৈক্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। তারা একে অপরকে ঘায়েল করতে বেফাঁস কথার আক্রমণ করছে। এই রাজনৈতিক দূরদর্শিতার অভাব পতিত শক্তিকে নতুন করে উৎসাহিত করছে। ফলে দেশের সামগ্রিক স্থিতিশীলতা আজ এক গভীর সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। রাজপথে আবারও শুরু হয়েছে জ্বালাও-পোড়াও, হামলা ও অগ্নিসন্ত্রাসের পুরনো মহড়া।
দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সম্মিলিত প্রয়াসে এই পতন ত্বরান্বিত হয়েছিল। তারা রাষ্ট্র সংস্কার ও নতুন সরকার গঠনের পথ সুগম করেছিল। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের পর্যবেক্ষণ ভিন্ন কথা বলছে। তাদের মতে, চব্বিশের আগস্টে সুযোগ পেয়েও বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার—কোনোটিই গঠন না করায় শুরুতেই মতভেদ দেখা দেয়। মূলত অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঐতিহাসিক ঐক্যে সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করে। সংস্কারের রূপরেখা এবং নির্বাচনের সময়সীমা নিয়ে শুরু হয়েছিল বাকযুদ্ধ। পরবর্তী সময়ে ক্ষমতা বিন্যাসকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে মতপার্থক্য দ্রুত প্রকাশ্যে চলে আসে। রাজনৈতিক উচ্চাভিলাষ এই দূরত্বকে আরো বাড়িয়ে দেয়। এরপর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন সরকার গঠিত হয়। এরপর আদর্শগত বা নীতিগত দূরত্ব ছাপিয়ে সংকীর্ণ দলীয় হিসাব-নিকাশ বড় হয়ে দাঁড়ায়। ঠিক তখনই তৈরি হয় সেই কাঙ্ক্ষিত শূন্যতা, যা পতিত ফ্যাসিস্ট শক্তি সব সময় প্রত্যাশা করে। মাঠের রাজনীতিতে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর এই প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি পরিস্থিতি ঘোলাটে করছে। ঐক্যহীনতার এই পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। আর এই সুযোগ নিয়েই আজ কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগ ও তার দোসররা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছে।
রাজনীতির মাঠের সাম্প্রতিক ঘটনাবলি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। পলাতক আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হচ্ছে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে ঘোষণা দিয়ে সন্ত্রাস ও নাশকতার রামরাজত্ব কায়েমের চেষ্টা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বা তীর্থস্থান হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় সম্প্রতি ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে। সেখানে যা ঘটেছে, তা যেকোনো বিবেকবান মানুষকে স্তম্ভিত করার জন্য যথেষ্ট। ক্ষিপ্ত নেতাকর্মীরা খোদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থানায় অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া বিএনপির বর্তমান সংসদ সদস্যসহ (এমপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে, তারা আবারো দেশকে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।
দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করা ত্যাগী নেতাকর্মীরা ভবিষ্যতে যেন দলে বা রাষ্ট্রে নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, সে বিষয়ে তীব্র প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু এই অভ্যন্তরীণ অনৈতিক বলয় তৈরি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে সরকার এবং দলীয় প্রধানের পক্ষ থেকে দ্রুত নজর দেওয়ার জোরালো পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বোদ্ধা মহল।
বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর মনস্তাত্ত্বিক কৌশল। ফ্যাসিস্টদের সমর্থনে সন্ত্রাসীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড, লুটপাট ও হামলার ঘটনা ঘটাচ্ছে। এরপর তা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে নাশকতার ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে দেশের ভেতরে ও বাইরে থাকা নিজেদের কর্মীদের চাঙা করার চেষ্টা চলছে। অন্যদিকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে এক ধরনের মনস্তাত্ত্বিক আতঙ্কের মধ্যে রাখার কৌশল নেওয়া হয়েছে। প্রশাসনের নাকের ডগায় থানা পুড়িয়ে দেওয়া কোনো সাধারণ বিষয় নয়। জনপ্রতিনিধিদের বাড়িতে হামলার পরও তা গর্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। এই প্রবণতা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি সরাসরি রাষ্ট্রের সক্ষমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শামিল। রাজনৈতিক বোদ্ধাদের মতে, আওয়ামী লীগের এই বেপরোয়া হয়ে ওঠার পেছনে মূল সাহস জোগাচ্ছে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বর্তমান পারস্পরিক অনৈক্য। বিপ্লবের অংশীদার দলগুলোর সমন্বয়হীনতা তাদের শক্তি বাড়াচ্ছে। দলগুলো যখন নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি ও কথার লড়াইয়ে ব্যস্ত, ঠিক সেই সুযোগটিই লুফে নিচ্ছে পলাতক স্বৈরাচারের দোসররা।
পাশাপাশি, প্রশাসনের ভেতরের চিত্রও খুব একটা স্বস্তিদায়ক নয়। সেখানে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের সুবিধাভোগী আমলারা এখনো সক্রিয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের নিষ্ক্রিয়তাও এই নাশকতা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে বলে জনমনে প্রবল ধারণা রয়েছে। মাঠ প্রশাসনের কার্যকর নজরদারির অভাব স্পষ্ট। গোয়েন্দা তৎপরতায় ঘাটতি থাকার কারণেই নাশকতাকারীরা পূর্বঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার সুযোগ পাচ্ছে। সাধারণ মানুষ আজ এ নিয়ে নানা প্রশ্ন তুলছে। যে দেশের ছাত্র-জনতা বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, তারা একটি শক্তিশালী স্বৈরশাসককে দেশছাড়া করতে পেরেছে। সেই দেশে আজ কীভাবে পরাজিত শক্তির দোসররা থানা জ্বালিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখায়? এর উত্তর একটাই—ফ্যাসিবাদবিরোধী শক্তির অভ্যন্তরীণ বিভাজন। নিজেদের মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি হওয়াই এর মূল কারণ।
ইতিহাসের শিক্ষা বড়ই নির্মম ও আপসহীন। পারস্পরিক অনৈক্য, অহমিকা এবং বিভাজনের খেসারত অতীতেও এই জাতিকে বহুবার চড়া মূল্যে দিতে হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লব কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়। এটি কোনো একক ব্যক্তির কৃতিত্বও নয়। এটি ছিল দলমত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থান। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে এই আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। জেল-জুলুম, মামলা-হামলা ও গুম-খুনের শিকার হয়েও রাজপথ আঁকড়ে ধরেছিল বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিগুলো। তিলে তিলে তারাই এই অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত ও ভিত্তি গড়ে তুলেছিল। আর চূড়ান্ত মুহূর্তে তরুণ প্রজন্ম তথা ছাত্রসমাজের অদম্য সাহস ও আত্মত্যাগ সেই আন্দোলনকে সফল পরিণতিতে নিয়ে গিয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, বিজয়ের পর সেই ইস্পাতকঠিন ঐক্য খুব দ্রুতই ভাঙতে শুরু করে। একে অপরকে ছোট করার প্রবণতা প্রকট হয়ে ওঠে। কৃতিত্ব নেওয়ার অসুস্থ প্রতিযোগিতা আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে। সুতরাং, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তির মধ্যে অবিলম্বে জাতীয় ঐকমত্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।
একই সঙ্গে, সচেতন নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকেরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করছেন। পুরোনো ফ্যাসিবাদ তাড়িয়ে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে যেন নতুন করে অন্য কোনো রূপের ফ্যাসিবাদের জন্ম না হয়। নতুন কোনো আধিপত্যবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, সেদিকেও তীক্ষ্ণ ও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগত দেড় দশকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। চাঁদাবাজি, দখলদারত্ব, দমন-পীড়ন কিংবা ভিন্নমত দমনে খুন-গুমের সেই ঘৃণ্য সংস্কৃতির বিরুদ্ধে মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেই অন্ধকার অধ্যায় যেন নতুন প্রশাসনে বা রাজনীতিতে কোনোভাবেই ফিরে না আসে। রাষ্ট্রীয় কাঠামোয় এর পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। শহীদ জিয়া ও বেগম জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের কাছে জনগণের প্রত্যাশা আজ আকাশচুম্বী। তিনি রাজনৈতিক সংস্কৃতিতে যে সভ্য আচরণ দেখাচ্ছেন, তাতে মানুষ আশাবাদী। তারা এখন আর প্রতিহিংসার রাজনীতি চায় না, তারা চায় সুশাসন ও ন্যায়বিচার। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। আইনের শাসন প্রতিষ্ঠায় আরো কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। সাধারণ নাগরিকের মৌলিক ও ভোটাধিকারের পূর্ণ নিশ্চয়তা থাকলেই কেবল নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান স্থায়ীভাবে ঠেকানো সম্ভব।
আনন্দের বিষয় হলো, দেরিতে হলেও রাজনৈতিক অঙ্গনে ঐক্যের সেই প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি, গত ১৪ নভেম্বর জাতীয়তাবাদী সমমনা জোটের পরিচালনা পরিষদের সভা থেকেও এই একই সুর ধ্বনিত হয়েছে। জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জাগপা, সাম্যবাদী দল, পিপলস লীগ, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টিসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা এক গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতির বৃহত্তর স্বার্থে সব দেশপ্রেমিক শক্তিকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছে জোটটি।
আজকের এই চরম ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকেও সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মনে রাখতে হবে, অস্তিত্বের লড়াইয়ে হেরে গেলে ক্ষমতার হিসাব-নিকাশ অর্থহীন হয়ে পড়বে। ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে হবে। তাদের প্রত্যাবর্তনের নীলনকশা রুখে দিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব গণতান্ত্রিক শক্তিকে এক হতে হবে। সব দেশপ্রেমিক শক্তিকে সব ভেদাভেদ ও অভিমান ভুলে আবারও এক কাতারে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হস্তে গোপালগঞ্জসহ সারা দেশের নাশকতাকারীদের দমন করতে হবে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পারস্পরিক অনৈক্য ও কাদা ছোড়াছুড়ি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রকৃত গণতন্ত্র, টেকসই স্থিতিশীলতা এবং একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখাই আজ দেশের কোটি কোটি সাধারণ মানুষের একমাত্র কাম্য।
লেখক : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন