প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন হাজার মণ পাটসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের একজন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ ইমরুল হাসান। তাঁর গুদামে থাকা দেড়শ মণ পাট, ২০০ মণ পেঁয়াজ, ৫০ মণ রসুন ও ৪০ মণ চালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বর্তমানে প্রায় ১০ লাখ টাকা ব্যাংকঋণ নিয়ে চরম সংকটে রয়েছেন তিনি।
গত শনিবার রাত ৮টার দিকে একটি পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইমরুল হাসান বলেন, ব্যবসাই আমার আয়ের প্রধান মাধ্যম। আগুনে সব মালামাল পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকা ব্যাংকঋণ রয়েছে। কীভাবে ঘুরে দাঁড়াব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশে পাননি। তবে ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তাঁর খোঁজখবর নিয়েছেন ও আশ্বাস দিয়েছেন। এই সংকট কাটিয়ে উঠতে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন