প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাম্প্রতিক উন্নতির কারণে বৈশ্বিক তথ্যনিরাপত্তা ব্যবস্থায় নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। শক্তিশালী এআই মডেলগুলো ইতোমধ্যে এমন কিছু জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম হতে পারে, যা এতদিন বিশ্বের ডিজিটাল তথ্য সুরক্ষার মূল ভিত্তি হিসেবে কাজ করছিল। যদি এমনটি ঘটে, তবে ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক যোগাযোগ এবং সাধারণ মানুষের ব্যক্তিগত ই-মেইল—সবকিছুই বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন।
তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের গবেষক স্কট অ্যারনসন ব্রিটিশ গণমাধ্যমকে জানিয়েছেন, একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে এআই গবেষণাগারগুলো ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক তথ্য সুরক্ষার ক্ষেত্রে কয়েক দশক পুরোনো গাণিতিক সমস্যায় উল্লেখযোগ্য অগ্রগতির কাছাকাছি পৌঁছেছে বা এমনকি সেগুলো সমাধান করে ফেলেছে। তার মতে, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে বড় কোনো তথ্য প্রকাশ্যে আসতে পারে, যা বিশ্বজুড়ে নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনতে বাধ্য করবে।
বিশেষজ্ঞদের মতে, যদি এআই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ভেঙে ফেলার মতো কার্যকর পদ্ধতি বের করতে সক্ষম হয়, তবে সংশ্লিষ্ট পক্ষগুলো খুব অল্প সময়ে সংবেদনশীল তথ্য ডিক্রিপ্ট করার সক্ষমতা অর্জন করতে পারে। সেক্ষেত্রে সরকার, গোয়েন্দা সংস্থা, ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত তাদের নিরাপত্তাব্যবস্থার কাঠামো পরিবর্তন করতে হবে; অন্যথায় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকে যাবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর একের পর এক গাণিতিক অগ্রগতির ঘোষণার পর থেকেই এই আলোচনা জোরালো হয়েছে। সংশ্লিষ্ট গবেষকদের মতে, এসব সাফল্যের বড় অংশই তাত্ত্বিক ও বিমূর্ত গণিতকেন্দ্রিক হলেও, এগুলোর গতি দেখে বোঝা যাচ্ছে যে এআই এমন সব সমস্যার সমাধান করছে, যেগুলো আরও বহু বছর অমীমাংসিত থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।
চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন মন্তব্য করেছিলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তিনি প্রায় নিশ্চিত যে এআই গবেষণাগারগুলোর হাতে ক্রিপ্টোগ্রাফি নিয়ে এক বা একাধিক বড় ও স্পর্শকাতর আবিষ্কার রয়েছে। একই সুর শোনা গেছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডকের কণ্ঠেও। তিনি বলেছেন, এআই দিয়ে উল্লেখযোগ্য গণিত করা সম্ভব নয়—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং এআইয়ের সক্ষমতার সীমা এখন আর স্পষ্ট নয়।
অন্যদিকে গণিতবিদ মার্কাস ডু সটয় এক রেডিও অনুষ্ঠানে প্রশ্ন তুলেছেন, ইলেকট্রনিক গোপন তথ্য সুরক্ষার কেন্দ্রে থাকা মৌলিক সমস্যাগুলো নিয়ে কেন খুব একটা আলোচনা হচ্ছে না। তার আশঙ্কা, হয়তো কেউ ইতিমধ্যে এ সমস্যার সমাধান করে ফেলেছে এবং এর সম্ভাব্য প্রভাব এতটাই বড় যে বিষয়টি গোপন রাখা হচ্ছে।
তথ্যনিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোয়ান্টাম কম্পিউটারের পূর্ণাঙ্গ বিকাশ ঘটলে বিদ্যমান অনেক এনক্রিপশন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি চলছে। সাধারণভাবে ধারণা করা হয়, কোয়ান্টাম প্রযুক্তির মাধ্যমে এমন সক্ষমতা তৈরি হতে আরও কয়েক বছর লাগবে। কিন্তু মারডক ও অ্যারনসনের মতো বিশেষজ্ঞদের মতে, এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে ক্রিপ্টোগ্রাফি নিয়ে প্রচলিত ধারণায় হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে, যার প্রভাব দেখা যেতে পারে তুলনামূলক দ্রুতই।
তবে এআই গবেষণাগারগুলো ঠিক কী ধরনের সাফল্য পেয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এআই হয়তো এনক্রিপশন ভাঙার নতুন কোনো পথ দেখাতে পারে, আবার এমনও হতে পারে যে এটি প্রমাণ করবে প্রচলিত ধারণার চেয়ে তথ্য সুরক্ষা আরও বেশি নিরাপদ এবং দ্রুত ভাঙার কোনো সহজ উপায় নেই। কোন ধরনের এনক্রিপশন ঝুঁকিতে পড়বে, তা নির্ভর করবে ঠিক কোন গাণিতিক সমস্যার সমাধান হয়েছে তার ওপর।
ইউনিভার্সিটি অব সারের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড মনে করেন, ক্রিপ্টোগ্রাফিতে কোনো গাণিতিক অগ্রগতি হলেই পরদিন বিশ্বজুড়ে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে—বিষয়টি এমন নয়। তবে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে এআইয়ের গতি যেভাবে বাড়ছে, তাতে সতর্ক থাকার যথেষ্ট কারণ রয়েছে। তার মতে, কোনো আবিষ্কার থাকলেও তা বড় পরিসরে প্রয়োগে বাস্তব বাধা থাকে; তবে দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে বড় প্রতিষ্ঠান ও সংস্থাগুলো ঝুঁকিতে পড়তে পারে।
এদিকে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এনক্রিপশন প্রযুক্তিতে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নতুন এআই মডেল উন্মুক্ত করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তবে স্কট অ্যারনসন জোর দিয়ে বলেছেন, এআই প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত গাণিতিক প্রমাণগুলোর নির্ভুলতা যাচাই করতে মানব গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানীদের গভীর পর্যালোচনা প্রয়োজন। এ বিষয়ে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিবেদন তৈরি পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন