প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভিন্ন ভাষা এবং ভিন্ন দেশের হাজারো মাইল দূরত্ব পেরিয়ে প্রেমের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন চীনা নাগরিক লি বিং। যশোরের এক তরুণীকে তিনি বিয়ে করেছেন। নবদম্পতি জানিয়েছেন, তাদের বিয়ের আগে লি বিং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মন্টু মোল্লার কন্যা তরুণী তন্দ্রা খাতুন যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কাজ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চীনা জামাইকে এক নজর দেখার জন্য তন্দ্রাদের বাড়িতে প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন।
তন্দ্রা খাতুন জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যালোটক-এর মাধ্যমে লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে উইচ্যাটের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করার ফলে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আট মাস একত্রথেকে সম্পর্ক স্থাপন করার পর দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, ‘লি বিং গত ১৮ জুন বাংলাদেশে আসেন। পরদিন সন্ধ্যায় আমাদের বিয়ে হয়। বিয়ের আগে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আগে কোনো ধর্ম অনুসরণ করেননি। বর্তমানে তিনি আমাদের বাড়িতে আছেন। ভিসার প্রক্রিয়া সম্পন্ন হলে আমি তার সঙ্গে চীনে চলে যাব।’
লি বিং বলেন, তিনি চীনের বেইজিং শহরের বাসিন্দা এবং একটি স্মার্ট লক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।
বাংলাদেশে এসে তিনি নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘আমার বউ খুব ভালো, বাংলাদেশের পরিবেশ উষ্ণ এবং আমার বউয়ের পরিবার, আত্মীয়-স্বজন সকলেই দয়ালু। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি তোমাদের দেশটাকে খুব পছন্দ করছি, বিয়ের পর আমার অনুভূতি অসাধারণ।’
তন্দ্রার মা শিউলি বেগম বলেন, ‘মোবাইল ফোনে তাদের পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটি মেয়েকে বিয়ে করার জন্য চীন থেকে বাংলাদেশে এসেছে। বিয়ের আগে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমরা পরিবারের সম্মতি দিয়েই তাদের বিয়ের আয়োজন করেছি।’
প্রতিবেশী কুলসুম বেগম জানিয়েছেন, ‘আমাদের এলাকায় আগে কখনো বিদেশি, বিশেষ করে চীনের কোনো ছেলে এসে বিয়ে করেছে এমন ঘটনা আমি দেখিনি বা শুনিনি। তাই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে চীনা জামাইকে দেখতে আসছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন