প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ এবং ৬৩ বছর বয়সি এক নারী নতুন সংসার শুরু করেছেন। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে হিন্দু রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়েতে বৃদ্ধাশ্রমের বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বর কানহাইয়া লাল এবং কনে সাবিনা। বিলাসপুরের ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাদের বিয়ের আয়োজন করা হয়। এই বিয়েতে মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরাসহ প্রচলিত বিভিন্ন আচার পালন করা হয়।
বৈচিত্র্যময় এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং বিয়ের উপহার প্রদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় কানহাইয়া লাল ও সাবিনা হলুদ পোশাক পরিধান করেছিলেন। তারা হিমাচলি লোকগানের তালে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দা এবং সংগঠনের সদস্যরাও বিয়ের আয়োজনে অংশগ্রহণ করেন। তারা নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কিরণ ভাদানা মন্তব্য করেন, এই বিয়ে সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা প্রদান করেছে। তিনি ‘আপনা ঘর’ কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে বলেন, বয়স যা-ই হোক, পরিপূর্ণ ও আনন্দময় জীবনযাপনের অধিকার সবার রয়েছে।
তিনি আরও বলেন, বয়স বেড়ে যাওয়া মানে জীবন উপভোগ করা কিংবা একজন সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা থেকে সরে আসা নয়।
একাকিত্ব থেকে নতুন সঙ্গ
এই বিয়ের পেছনের গল্পটি অত্যন্ত হৃদয়স্পর্শী। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসালের মতে, ২০২২ সালে সংগঠনের কর্মীরা একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করেন। তিনি একসময় পরিবারের সঙ্গে বসবাস করতেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দিলে গুহায় আশ্রয় নিতে বাধ্য হন।
কানহাইয়া লালের বাড়ি হিমাচল প্রদেশের মান্ডি জেলার জানজেহলি এলাকার থুনাগ গ্রামে। উদ্ধারের পর তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছিলেন।
অন্যদিকে, সাবিনার আদি বাড়ি কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে চলে যান। সংগঠনটির তথ্য অনুযায়ী, তাকে প্রথমে রাজ্যের রাজধানী সিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের একটি বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।
একই প্রতিষ্ঠানে বসবাসের সময় কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে তারা একসঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।
প্রকাশ চাঁদ বানসাল বলেন, দুজনই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং নতুন করে জীবন গড়তে সহায়তা করা সমাজের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সোলানে নতুন ঠিকানা
বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ে একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানে তারা একসঙ্গে দাম্পত্য জীবন শুরু করবেন।
বিয়ের অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বানসাল, ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বানসালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বৃদ্ধাশ্রমটি প্রবীণদের আশ্রয় ও সেবা প্রদান করে থাকে। দয়োলিতে অবস্থিত প্রতিষ্ঠানটির শাখায় ২৫ জন বাসিন্দার থাকার ব্যবস্থা রয়েছে।
দীর্ঘদিনের অনিশ্চয়তা ও একাকিত্ব পেরিয়ে কানহাইয়া লাল ও সাবিনার জীবনে এই বিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে। একে অপরের মধ্যে তারা খুঁজে পেয়েছেন জীবনসঙ্গী এবং আপন ঠিকানা।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন